নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচন ঘিরে এখন থেকেই রাজনৈতিক পারদ চড়ছে। মোদীকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী দলগুলি এক হয়ে তৈরি করেছে ইন্ডিয়া জোট। আগামীকাল (৩১ আগস্ট) মুম্বইতে তৃতীয় বৈঠক। তার আগে আম আদমি পার্টির তরফে দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার দাবি উঠল।
আরও পড়ুন: INDIA জোটের তৃতীয় বৈঠককে টেক্কা দিতে মেগা রণকৌশল BJP ও NDA জোটের


৩১ আগস্ট (বৃহস্পতিবার) মুম্বইয়ে ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক। এর একদিন আগেই আম আদমি পার্টির তরফে আওয়াজ তোলা হয় যে ২০২৪-এর লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হোক অরবিন্দ কেজরিওয়ালকে। কারণ হিসেবে তাঁদের দাবি, দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো এমন মডেল প্রতিষ্ঠা করেছেন যার থেকে সমগ্র দেশ সুবিধা লাভ করবেন। আপের মুখ্য মুখপাত্র প্রিয়ঙ্কা কক্কর বলেন, “অরবিন্দ কেজরিওয়াল সবসময়েই এমন বাজেট এনেছেন যা সাধারণ মানুষের জন্য লাভদায়ক হবে। একজন মুখপাত্র হিসেবে আমাদের দলের জাতীয় আহ্বায়কের নামই প্রস্তাব করব।”

ইন্ডিয়া জোট থেকে কাকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা উচিত? এই প্রশ্নের উত্তরে আপ নেতা গোপাল রাই বলেন, “প্রত্যেকটি দলই চায় তাঁদের দলের নেতা প্রধানমন্ত্রী হবেন। আপ দলের সদস্যদেরও একই মত। আমরাও চাই আমাদের নেতা অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রী পদের জন্য লড়াই করবেন।”



উল্লেখ্য, পাটনা, কর্ণাটকের পর আগামী ৩১ আগস্ট মুম্বইয়ে ইন্ডিয়া (Indian National Developmental Inclusive Alliance) জোটের তৃতীয় বৈঠক আয়োজিত হতে চলেছে। এনসিপি ও শিবসেনা উভয় যৌথভাবে মুম্বইয়ে আগামী ইন্ডিয়া জোটের বৈঠকের আয়োজন করবেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার (৩১ আগস্ট) জোটের লোগো প্রকাশ করা হবে। যৌথ আন্দোলন এবং আসন সমঝোতার ফর্মুলা নিয়ে আলোচনার পাশাপাশি জোটের বার্তাবাহী স্লোগান চালু করা হতে পারে বলেও খবর। যদিও এরমধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল ইন্ডিয়া জোটের চেয়ারপার্সন এবং আহ্বায়ক নির্বাচন করা।
পরবর্তী প্রধানমন্ত্রী কেজরিওয়াল, ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠকের আগে সুর চড়ল আপের








