আরজি করে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় ক্রমেই ক্ষোভ বেড়ে চলেছে চিকিৎসক মহলে। কলকাতার রাজপথে আজ একাধিক মিছিল নেমেছেন বিভিন্ন মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসক ও নার্সিং পড়ুয়ারা। বেশিরভাগ চিকিৎসকদের বক্তব্য, সরকারি হাসপাতালগুলোতে ন্যূনতম পরিকাঠামো ঠিক নেই। অবিলম্বে এই সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন তাঁরা। এবার নবান্ন সূত্রে জানা গেল, আরজি কর সংলগ্ন ৩ একর জমিতে তৈরি করা হবে নতুন ভবন।
শুক্রবার রাতে আরজি করে কর্তব্যরত এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই সঞ্জয় রায় নামে এক নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধীর ফাঁসির দাবি জানিয়েছেন। সেই সময়ই একটি প্রথম সারির সংবাদমাধ্যমকে মুখ্যমন্ত্রী জানান, আরজি কর হাসপাতালে জায়গা খুবই কম এবং তা নিয়ে রাজ্য সরকার ভাবনা চিন্তা করছে। মুখ্যমন্ত্রীর বলার কয়েক ঘন্টার মধ্যেই নবান্ন জানিয়ে দিল, আরজি কর সংলগ্ন একটি জমিতে নতুন ভবন তৈরি করা হবে।
চিকিৎসা একটি মহান পেশা। আর চিকিৎসকদের কাজের কোনও নির্দিষ্ট সময় হয় না। দিনরাত মিলিয়েই তাঁরা কাজ করে থাকেন। সেখানে মহিলা চিকিৎসকদের অভিযোগ, অনেক হাসপাতালেই পোশাক পরিবর্তনের কোন আলাদা ঘর নেই, বিশ্রামের জন্য যে ঘর রয়েছে তা সকলের জন্য পর্যাপ্ত নয়। তাছাড়া সিসিটিভি নিয়েও অভিযোগ রয়েছে তাঁদের। সব কিছু মিলিয়ে আরজি করের ঘটনায় অনেক প্রশ্ন উঠছে। যদিও রাজ্য সরকার চিকিৎসকদের পক্ষেই রয়েছে। সমস্ত রকম দাবি দ্রুততার সঙ্গে মেটানো হবে বলে কথা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এই ঘটনায় কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ফাঁসির দাবি করেছেন। সঙ্গে এও বলেছেন, এই ধরনের ঘৃণ্য অপরাধের কোনও ক্ষমা নেই। চিকিৎসক এবং বিরোধী রাজনৈতিক দলের তরফে সিবিআই তদন্তের দাবি করা হয়। সেই বিষয়েও রাজ্য সরকারের আপত্তি নেই বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।



