চলতি বছর পুজোর অনুদান আরও ১৫ হাজার টাকা বাড়িয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন রাজ্য সরকারের তরফ থেকে পুজোর চাঁদা হিসাবে ৭০ হাজার টাকা করে পেত বারোয়ারি ক্লাবগুলো। সেখানে এইবার থেকে তা বেড়ে হয়েছে ৮৫ হাজার টাকা। এবং, আগামী বছর এই অর্থের পরিমাণটা ১ লক্ষ টাকা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এইবার পুজোর অনুদান নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করলেন এক ব্যক্তি।
প্রসঙ্গত, এর আগেই পুজোর অনুদান নিয়ে একটি মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে। সৌরভ দত্ত নামে এক ব্যক্তি এই মামলা করেন। সেই মামলাতেই এবার নতুন করে আবার আবেদন করা হল। সৌরভ দত্ত জানতে চেয়েছেন, রাজ্য সরকারের এই টাকার উৎস কি? পাশাপাশি তিনি আবেদন করেছেন, ক্লাবগুলো সরকারের গাইডলাইন মেনে দুর্গাপুজোয় এই অর্থ ব্যয় করছে কিনা তা কোনও একটি নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে খতিয়ে দেখা হোক।

প্রথম যখন দুর্গাপুজোর অনুদান নিয়ে একটি মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে, তখন আদালতের তরফে রাজ্যের কাছে একটি রিপোর্ট চাওয়া হয়েছিল এই সমস্ত বিষয়ের উত্তর জানতে চেয়ে। কিন্তু রাজ্যের তরফে এরকম কোনও রিপোর্ট হাই কোর্টের জমা দেওয়া হয়নি। এবার মামলা কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।
তৃণমূল বিরোধী রাজনৈতিক দলের একাধিক নেতানেত্রী এর আগেও পূজোর অনুদান নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের অভিযোগ, পুজোর সময় রাজ্য সরকার এই চাঁদা দিয়ে আসলে ক্লাবগুলোকে নিজের ‘পকেটে’ পুরে রাখতে চায়! যদিও বিরোধীদের এই সমস্ত অভিযোগকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ রাজ্য। মুখ্যমন্ত্রী সাফ বলেছেন, সুষ্ঠভাবে পুজো আয়োজন এবং বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসবের গরিমাকে আরও বৃদ্ধি করার জন্যই রাজ্য সরকার ক্লাবগুলোকে এই সাহায্য করে থাকে। উল্লেখ্য, এবার বিদ্যুৎ বিলের ক্ষেত্রেও ছাড় বাড়িয়েছে রাজ্য। আগে যেখানে বিদ্যুৎ বিলে এক-তৃতীয়াংশ ছাড় পাওয়া যেত সেখানে এইবার প্রতিটি ক্লাবের ৭৫ শতাংশ বিদ্যুৎ খরচ বহন করবে সরকার।



