ফের একবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১০ তারিখ শনিবার ডায়মন্ড হারবারের রবীন্দ্রভবনে এই বৈঠকটি আয়োজিত হবে। আপাতত বাজেট অধিবেশনের জন্য দিল্লিতে রয়েছেন তৃণমূল সেনাপতি। সূত্রের খবর, অধিবেশন শেষ হলেই কলকাতায় ফিরে ডায়মন্ড হারবারে সরকারি প্রকল্পের বাস্তবায়ন খতিয়ে দেখবেন তিনি।
লোকসভা নির্বাচনের প্রচারে বিগত পাঁচ বছরে সাংসদ তহবিল থেকে ডায়মন্ড হারবারের কী কী উন্নয়নের কাজ হয়েছে এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাকে কী করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে তার রিপোর্ট কার্ড পেশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে ডায়মন্ড হারবারে কত টাকার উন্নয়ন হয়েছে সেই খতিয়ানও পেশ করেছিলেন তৃণমূল সেনাপতি।
এবারের এই প্রশাসনিক বৈঠকেও অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের উন্নয়নের কাজকে আরও ‘গতি’ দিতে চান এমনটাই সূত্রের খবর। ডায়মন্ড হারবার মডেল, যে মডেলের কথা গোটা দেশ তথা রাজ্যে গর্বের সঙ্গে প্রচার করে থাকে রাজ্যের শাসক দল, সেই ডায়মন্ড হারবারকে আরও সাজিয়ে তুলতে চান অভিষেক। উল্লেখ্য, এবার লোকসভা ভোটে রেকর্ড মার্জিনে ডায়মন্ড থেকে জিতেছেন তৃণমূল সেনাপতি। প্রায় ৭ লক্ষের বেশি ভোটে তিনি হারিয়েছেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববিকে।
অন্যদিকে, এই মুহূর্তে লোকসভায় বাজেট অধিবেশন চলছে। সেখানে আগেই জবাবি ভাষণ রেখেছেন অভিষেক। বাংলার কথা বাজেটে কেন উল্লেখ নেই তা নিয়ে বুধবার ফের একবার সরব হলেন তিনি। অভিষেক বললেন, “বাংলাকে বঞ্চিত করে আসছে। এখান থেকেই জিএসটি তুলে নিয়ে যাবে আর বিহারে ব্রিজ বানাবে যেগুলো দু’দিন পরেই ভেঙে যাবে। ক্ষমতা থাকলে আমি বলছি তো, শেতপত্র প্রকাশ করুক।”



