নজরবন্দি ব্যুরো: বেপরোয়া বাইকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে কিশোর। সেইসময়েই পিছন থেকে আসা এক অটো টেনে হিঁচড়ে নিয়ে যায় তাঁকে। এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল নিউটাউন। বুধবার বিকেলে যাত্রাগাছি ব্রিজে দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: পেঁয়াজের ঝাঁঝে নয়, দাম শুনেই চোখে জল মধ্যবিত্তের, উৎসবের মরশুমে রেট বাড়ল ৩ গুণ
জানা গিয়েছে, গতকাল বিকেলে নিউটাউনের যাত্রাগাছি ব্রিজ দিয়ে ওই কিশোর সহ তিন বন্ধু সাইকেলে নিউটাউন কনভেনশন সেন্টারের দিক থেকে গৌরাঙ্গনগরের দিকে যাচ্ছিল। হঠাৎ একটি বেপরোয়া বাইক কিশোরের সাইকেলে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল নিয়ে ছিটকে পড়ে যায় রাস্তায়। সেইসময়ে একটি অটো পিছন থেকে এসে কিশোরকে টেনে হিঁচড়ে বেশ কিছুটা রাস্তা নিয়ে যায়। আরও জানা যায়, ওই অটোচালকই আশঙ্কাজনক অবস্থায় কিশোরকে উদ্ধার করে গৌরাঙ্গনগরের কাছে একটি প্রাইভেট চিকিৎসকের চেম্বারের কাছে নামিয়ে দিয়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসকের কাছে ফেলে দেওয়া হলেও সেখানে উপস্থিত কয়েকজন কিশোরকে উদ্ধার করে আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালের তরফে তেরো বছরের কিশোরকে মৃত বলে ঘোষণা করা হয়।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছায়। তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনাস্থলের অর্থাৎ যাত্রাগাছি ব্রিজের কাছের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘাতক বাইক ও অটোটিকে শনাক্তকরণের চেষ্টা চলছে। এই ঘটনায় কিশোরের পরিবারের নেমে এসেছে শোকের কালো ছায়া।
সাইকেলে ধাক্কা বেপরোয়া বাইকের, হিঁচড়ে নিয়ে গেল, মর্মান্তিক মৃত্যু কিশোরের




