নজরবন্দি ব্যুরোঃ চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা কাণ্ডে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ রাখাল বেরাকে ৭ দিনের পুলিশ কাস্টিডি দিল আদালত। গতকাল গ্রেফতার করার পর আজ রাখাল বেরাকে আদালতে পেশ করে পুলিশ। আদালত আগামি ১২ই জুন পর্যন্ত তাকে পুলিশের হেফাজতে পাঠিয়েছে। রাজ্যের প্রাক্তন সেচমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতার ঘনিষ্ঠ রাখাল বেরাকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করেছে মানিকতলা থানা। অভিযোগ, ২০১৯ সালেই চাকরির টোপ দিয়ে বিপুল টাকা আত্মসাৎ করে তৎকালীন সেচমন্ত্রী ঘনিষ্ঠ রাখাল।
আরও পড়ুনঃ বাংলায় সুস্থ হয়ে উঠলেন ৯৬.৩৭ শতাংশ, আজ করোনা আক্রান্ত ৭ হাজার।
ইতিমধ্যেই রাখাল বেরার কাছ থেকে কিছু তথ্য পেয়েছে পুলিশ। এদিন তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ সূত্রে খবর রাখাল এবং এই চক্রে জড়িত একাধিক ব্যাক্তি মিলে বহু কর্মপ্রার্থীর কাছ থেকে টাকা নিয়েছিলেন সেচ দফতরে চাকরি পাইয়ে দেবেন বলে। রাখালকে জেরার মুখে একাধিক ব্যাক্তির নাম নিয়েছে বলে খবর। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল রাখাল জানিয়েছে এই চক্রের মধ্যে জড়িয়ে আছে একাধিক হেভিওয়েট রাজনৈতিক নেতা। যদিও তারা কারা তা নিয়ে কোন তথ্য পাওয়া যায়নি সূত্র মারফত।
চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা, পুলিশ সূত্রে খবর কমপক্ষে ৫০ জন কর্মপ্রার্থীর থেকে টাকা নিয়েছেন রাখাল এবং তাঁর সহযোগীরা। রবিবারই মানিকতলা থানায় প্রায় ১০ টি লিখিত অভিযোগ জমা পড়েছে রাখালের বিরুদ্ধে। উল্লেখ্য, গতকাল সুজিত দে নামক এক কর্মপ্রার্থীর অভিযগের ভিত্তিতে চঞ্চল কে গ্রেফতার করে মানিকতলা থানা। অভিযোগ, ২০১৯ সালের আগস্ট মাসে সেচমন্ত্রীর দুই ঘনিষ্ঠ নেতা মানিকতলা থানার অন্তর্গত সাহা ইন্সটিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স আবাসনের একটি ফ্ল্যাটে ডেকে পাঠান চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে।
সুজিত(প্রতারিত) সময় মত পৌঁছে দেখেন সেখানে তার মতই বেশ কয়েকজন চাকরিপ্রার্থী অপেক্ষমান। সুজিত দে থানায় লিখিত অভিযোগ করে জানিয়েছেন চাকরি দেওয়ার জন্যে অগ্রিম হিসেবে ২ লক্ষ টাকা নেন রাখাল বেরা। এই বিষয়ে রাখালের আইনজীবী দাবি করেছেন, যেহেতু তাঁর মক্কেল শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ব্যাক্তি তাই তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে।
অন্যদিকে পুলিশ রাখালের থেকে প্রাপ্ত নামের তালিকা ধরে ধরে খোঁজ জারি রেখেছে। গতকাল জানা গিয়েছিল রাখালের অন্যতম সহযোগী তথা সেচ দফতরের প্রাক্তন কর্মী কাঁথির বাসিন্দা চঞ্চল নন্দী গ্রেফতার হয়েছে। কিন্তু আজ জানা গিয়েছে, সে পলাতক। পুলিশ তাকে খুঁজছে। পাশাপাশি পুলিশ খুঁজছে এই প্রতারণা চক্রের মাস্টারমাইণ্ডকে।



