যাদবপুর রেলস্টেশন সংলগ্ন উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রবিবার গভীর রাতে তীব্র উত্তেজনা ছড়াল দক্ষিণ কলকাতায়। বুলডোজ়ার অভিযানের বিরোধিতায় বাম ও কংগ্রেস কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সংঘর্ষের অভিযোগ উঠেছে। ঘটনায় SFI-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য-সহ ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকায় অবৈধ দোকান ও গুমটি সরানোর জন্য রাতের অভিযানের প্রস্তুতি শুরু হতেই বিক্ষোভ শুরু হয়। সন্ধ্যা থেকেই হকার, স্থানীয় বাসিন্দা, বামপন্থী সংগঠনের কর্মী এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কিছু পড়ুয়া এলাকায় জড়ো হন। তাঁদের দাবি ছিল, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে উচ্ছেদ চালানো যাবে না।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে এলাকায় মোতায়েন করা হয় রেল সুরক্ষা বাহিনী (RPF), পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের। উচ্ছেদ অভিযান শুরু করতে বুলডোজ়ার পৌঁছতেই বিক্ষোভকারীরা তার সামনে অবস্থান বিক্ষোভে বসেন। আন্দোলনকারীদের মধ্যে ছিলেন সৃজন ভট্টাচার্য-সহ বাম ও কংগ্রেসের একাধিক নেতা-কর্মী।
অভিযোগ, দীর্ঘক্ষণ অচলাবস্থার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে। বিক্ষোভকারীদের দাবি, এতে একাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে রাজনৈতিক কর্মী ও সাংস্কৃতিক জগতের কয়েকজন পরিচিত মুখও রয়েছেন বলে জানা গিয়েছে। কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাঁদের শারীরিক পরীক্ষা করা হয়েছে।
সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সৃজন ভট্টাচার্য-সহ মোট ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ভ্যানে তোলার সময় সৃজন অভিযোগ করেন, আইনগত প্রক্রিয়া সম্পূর্ণ না করেই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
অন্যদিকে উচ্ছেদ অভিযান শেষে যাদবপুর স্টেশন সংলগ্ন একাধিক দোকান ও অস্থায়ী কাঠামো ভেঙে ফেলা হয়েছে বলে জানা গিয়েছে। যেসব দোকান এখনও সরানো হয়নি, তাদেরও নির্দিষ্ট সময়সীমার মধ্যে জায়গা খালি করার নোটিস দেওয়া হয়েছে।
গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার ভোর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছে SFI। সংগঠনের দাবি, ধৃতদের দ্রুত মুক্তি দিতে হবে এবং উচ্ছেদ অভিযান নিয়ে প্রশাসনকে জবাবদিহি করতে হবে।
উচ্ছেদ-পরবর্তী পরিস্থিতিতে এলাকায় এখনও উত্তেজনা রয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হয়েছে। ঘটনার রাজনৈতিক প্রতিক্রিয়াও ক্রমশ তীব্র হচ্ছে।



