বিশ্বকাপ শুরুর আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই দুশ্চিন্তায় ডুবে আর্জেন্তিনা শিবির। হ্যামস্ট্রিং চোটে আক্রান্ত হয়েছেন লিওনেল মেসি। কিন্তু সমস্যা সেখানেই শেষ নয়। আর্জেন্তিনার আরও ছয় গুরুত্বপূর্ণ ফুটবলারের চোট ঘিরে বাড়ছে উদ্বেগ। ফলে বিশ্বকাপের আগে দল নির্বাচন নিয়ে কার্যত কঠিন পরীক্ষার মুখে পড়েছেন কোচ লায়োনেল স্কালোনি।
MLS-এ ম্যাচ খেলতে গিয়েই চোট পান মেসি। হ্যামস্ট্রিং সমস্যার কারণে তাঁর বিশ্বকাপ খেলা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে শুধু অধিনায়ক নন, দলের একাধিক গুরুত্বপূর্ণ ফুটবলারও এখনও পুরোপুরি ফিট নন।
সবচেয়ে বড় ধাক্কা হতে পারে গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে ঘিরে। ইউরোপা লিগ ফাইনালের আগে তাঁর হাতের আঙুল ভেঙে যায়। সেই অবস্থাতেই ম্যাচ খেললেও বিশ্বকাপের আগে তাঁর শারীরিক অবস্থা নিয়ে সতর্ক মেডিক্যাল টিম।
ডিফেন্সেও সমস্যা কম নয়। টটেনহ্যামের তারকা ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো এখনও হাঁটুর লিগামেন্ট সমস্যায় ভুগছেন। পুরোপুরি সুস্থ না হওয়ায় তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট।
আর্জেন্তিনার দুই রাইটব্যাক নাহুয়েল মোলিনা ও গঞ্জালো মন্তিয়েলও পেশির সমস্যায় আক্রান্ত। দু’জনেই স্কালোনির প্রাথমিক তালিকায় থাকলেও তাঁদের ম্যাচ ফিটনেস এখনও নিশ্চিত নয়।
এর পাশাপাশি কোমোর মিডফিল্ডার নিকো পাজ় হাঁটুর চোটের কারণে শেষ ম্যাচ খেলতে পারেননি। আতলেতিকো মাদ্রিদের উইঙ্গার নিকোলাস গঞ্জালেজ়ও এখনও রিকভারির শেষ পর্যায়ে রয়েছেন।
এই পরিস্থিতিতে স্কালোনি জানিয়েছেন, চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে সব ফুটবলারের নতুন করে মেডিক্যাল পরীক্ষা হবে। তারপরই নেওয়া হবে শেষ সিদ্ধান্ত। আর্জেন্তিনা কোচ বলেন, “এখন অপেক্ষা করা ছাড়া উপায় নেই। আগামী কয়েকদিনে রিপোর্ট দেখেই ঠিক হবে কারা খেলতে পারবে।”
আগামী ১৭ জুন আলজিরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্তিনা। তার আগে মেসি-সহ চোটগ্রস্ত ফুটবলাররা সময়মতো ফিট হয়ে উঠতে পারেন কি না, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।



