পশ্চিমবঙ্গে এক দফায় ভোট, ২০২৬ বিধানসভা নির্বাচন সম্পন্ন করতে প্রস্তুত সিইও দফতর

২০২৬ বিধানসভা ভোটে এক দফার পক্ষে রাজ্যের সিইও দফতর। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, তবে অতীতের বহু দফার সমালোচনার প্রেক্ষিতে জোরালো ইঙ্গিত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

২০২৬ সালের বিধানসভা নির্বাচন নিয়ে বড়সড় ইঙ্গিত দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) দফতর। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে এক দফাতেই ভোট করানোর পক্ষপাতী সিইও দফতর। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতের নির্বাচন কমিশন, তবু কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে মতামত জানতে চাইলে এক দফায় ভোটের প্রস্তাবই দেবে রাজ্য নির্বাচন প্রশাসন—এমনটাই ইঙ্গিত মিলেছে।

২০২১ সালের বিধানসভা ভোটে অতিমারির আবহে পশ্চিমবঙ্গে আট দফায় নির্বাচন হয়েছিল। সেই সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন—৩৯টি লোকসভা আসনের তামিলনাড়ু যদি এক দফায় ভোট করতে পারে, তবে পশ্চিমবঙ্গে কেন আট দফা প্রয়োজন? ওই সময় নির্বাচন কমিশনের পাশাপাশি কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার ও বিজেপিকেও নিশানা করেন তিনি।

আগামী এপ্রিল–মে মাসে কেরালা, আসাম, পণ্ডিচেরি-র সঙ্গেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হওয়ার কথা। অতীতে দফা সংখ্যা ছিল বেশি—২০১৬ সালে মোদী সরকারের আমলে পশ্চিমবঙ্গে সাত দফায় ভোট হয়। তারও আগে ২০১১ সালে তৎকালীন ইউপিএ জমানায় ছ’দফায় নির্বাচন হয়েছিল; সেই ভোটেই বামেদের হারিয়ে তৃণমূল–কংগ্রেস জোট ক্ষমতায় আসে।

রাজনৈতিক মহলে আলোচনা, এ বার দফা কমানোর পক্ষে মত জোরালো হচ্ছে। বিজেপির একাংশ সূত্রের দাবি, কমিশনের কাছে দলের তরফেও কম দফায় ভোট করানোর আবেদন জানানো হয়েছে। সব মিলিয়ে ২০২৬-এর নির্বাচনে দফা সংখ্যা নিয়ে নতুন করে চর্চা শুরু—এক দফার প্রস্তাব বাস্তবায়িত হলে তা হবে নজিরবিহীন সিদ্ধান্ত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন