ছুটির মরশুমের আগে রবিবার সন্ধ্যায় সিডনির জনপ্রিয় বন্ডি বিচ ছিল ভিড়ঠাসা। পর্যটক ও স্থানীয় মানুষের ভিড়ের মাঝেই হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এক বন্দুকধারী এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করলে মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।
নিউ সাউথ ওয়েলস পুলিশ পরে জানায়, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তবে এই ঘটনার মধ্যেই নজর কেড়েছে এক সাধারণ নাগরিকের অসামান্য সাহসিকতা, যার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভাইরাল হওয়া ওই ভিডিয়োর সত্যতা সরকারি ভাবে এখনও নিশ্চিত করা হয়নি। তবু তাতে দেখা যাচ্ছে, সাদা শার্ট ও কালো প্যান্ট পরা এক ব্যক্তি কোনও অস্ত্র ছাড়াই ধীরে ধীরে এক বন্দুকধারীর দিকে এগিয়ে যাচ্ছেন। হামলাকারীর হাতে ছিল অটোমেটিক রাইফেল, আর সে তখন গাছের আড়াল থেকে গুলি চালাচ্ছিল।
ঠিক সেই মুহূর্তে, নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ওই নাগরিক আচমকা ঝাঁপিয়ে পড়েন বন্দুকধারীর উপর। কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি তার হাত থেকে রাইফেল কেড়ে নেন। হামলাকারী মাটিতে পড়ে গেলেও শেষ পর্যন্ত পালিয়ে যেতে সক্ষম হয়। নিরস্ত্র করার পর রাইফেলটি মাটিতে নামিয়ে রাখেন ওই ব্যক্তি।
পরবর্তী একটি ভিডিয়োতে দেখা যায়, পুলিশ এসে এলাকা ঘিরে ফেলে এবং মাটিতে ফেলে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। এখনও পর্যন্ত এই হামলার উদ্দেশ্য সম্পর্কে পুলিশ বা প্রশাসনের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি।
তবে সোশ্যাল মিডিয়ায় কিছু ব্যবহারকারী দাবি করেছেন, ওই সময় বন্ডি বিচে ইহুদি সম্প্রদায়ের একটি জমায়েত চলছিল এবং সেটিই সম্ভবত হামলার লক্ষ্য ছিল। যদিও এই দাবি সরকারি ভাবে যাচাই হয়নি।
ঘটনার তদন্ত চলছে। আতঙ্কের মুহূর্তে এক সাধারণ মানুষের সাহসিকতা যে বড় বিপদ এড়াতে সাহায্য করেছে, তা নিয়ে একমত অনেকেই।



