লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই প্রচার শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। ইতিমধ্যেই একাধিক প্রার্থীর প্রচারকে কেন্দ্র করে বিতর্ক দেখা দিয়েছে। সেই তালিকায় নয়া সংযোজন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল (Sujata Mandal)। ভোট প্রচারের সময় তাঁর মন্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। এনিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা।

মঙ্গলবার বাঁকুড়ার ওন্দা ব্লকের নতুনগ্রাম এলাকায় প্রচারে যান সুজাতা মণ্ডল। তৃণমূল প্রার্থী বলেন, ‘বিজেপি (BJP) কোন কোন বুথে লিড পাচ্ছে সেই তালিকা তৈরি করা হবে। যে বুথে তৃণমূল লিড পাবে জান লড়িয়ে দেব। যেখানে তৃণমূল লিড পাবে না সেখানে আমি তো দুরস্ত আমার কোনও কর্মীকেই যেতে দেব না।’ তিনি আরও বলেন, ‘ভোট দেওয়ার বেলায় বড় ফুলকে দেবে কিন্তু চাওয়ার বেলায় ছোট ফুলের কাছে চাইবে তা হয় না। এখানে বিজেপিকে জিতিয়েছো। এবারও তাই হলে তোমাদের কাছে আর আসব না। বিজেপির সঙ্গে বুঝে নেব।’

বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থীর মন্তব্যে বিতর্ক বেড়েছে। বিরোধীরা পাল্টা আক্রমণ শানিয়েছে শাসক দলকে। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অমরনাথ শাখার কটাক্ষ, ‘ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। তৃণমূল এখন ঠেলায় পড়ে এমন মন্তব্য করছে।’ যদিও এনিয়ে সুজাতা মণ্ডলের দাবি, ‘লোকসভা, বিধানসভা, পঞ্চায়েতে এই এলাকা থেকে বিজেপি জিতেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় ওন্দাকে উন্নয়নে ভরিয়ে দিয়েছেন।’
ভোট না পেলে কর্মীদের বুথে আসতেও দেব না, প্রচারে গিয়ে হুঁশিয়ারি সুজাতার

সম্প্রতি বাঁকুড়ার বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার (Jagannath Sarkar) বলেছিলেন, ‘যে বুথে সবথেকে বেশি লিড পাওয়া যাবে সেই এলাকার জন্য সবথেকে বেশি তহবিলের টাকা বরাদ্দ করা হবে। এনিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বিদায়ী সাংসদ। সেই রেশ কাটতে না কাটতেই কার্যত হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল।



