নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের বেশি সময় বাকি নেই। শীঘ্রই ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। মোদী সরকারকে ক্ষমতাচ্যুত করতে একজোট হয়েছে বিরোধীরা। মঙ্গলবার দিল্লিতে বৈঠকে বসছে ইন্ডিয়া জোট (INDIA Bloc Meeting in Delhi)। আগেই জানা গিয়েছিল, এই বৈঠকে আসন সমঝোতা নিয়ে আলোচনা হবে। বাংলার শাসক দল তৃণমূল তাদের সূত্রে স্থির থাকবে বলেই জানা গিয়েছে। আগামীকালের বৈঠকের পর কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকেই নজর রয়েছে ওয়াকিবহাল মহলের।

আরও পড়ুন: ভারতের বাজারে আসছে নতুন টাটা সুমো, পুরনো দাম ও স্মার্ট চেহারায় তুলবে ঝড়
তৃণমূল ঠিক করেছিল, যে রাজ্যে যে দল শক্তিশালী সেখানে সেই দলই শেষ কথা বলবে। বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই সূত্র ধরেই মঙ্গলবার বৈঠকে নিজের বক্তব্য রাখবেন। তৃণমূলের দাবি, ইন্ডিয়া জোটের (INDIA Bloc) সদস্যরা এই সূত্র মেনে নেবে। কিন্তু রাজনৈতিক মহলে আরও একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অনেকের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে যে, কংগ্রেসের মত সর্বভারতীয় দলগুলি কি এই সূত্র মেনে নেবে? তৃণমূলের দেখানো পথে হেঁটে কি তাঁরা লোকসভায় আশানুরূপ ফল করতে পারবে? পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে (Assembly Election 2023) কংগ্রেসের ব্যর্থতা নিয়ে প্রতিক্রিয়া দেয় বিরোধী দলগুলি।

জোট নেতৃত্বের অনেকেই মনে করছেন, সমঝোতার ব্যাপারটি দ্রুত নিষ্পত্তি করে ফেলা উচিত। এবছরের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। হাতে সময় রয়েছে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ইন্ডিয়ার বৈঠকে এনিয়ে আলোচনা করা হবে বলে সূত্রে খবর।
লোকসভার আগে আসন সমঝোতার বৈঠক, আলোচনায় বসছে ইন্ডিয়া জোট

গত ৩ ডিসেম্বর চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হয়। ছত্তিশগড় ও রাজস্থানে ক্ষমতাচ্যুত হয় কংগ্রেস (Congress)। লোকসভার আগে সেমিফাইনালে ব্যর্থ হয় হাত শিবির। ফল ঘোষণার দিনই ৬ ডিসেম্বর ইন্ডিয়া জোটের বৈঠক ডাকেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এরপর শুরু হয় বিতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন বৈঠক নিয়ে তাঁদের কিছুই জানানো হয়নি। যদিও পরবর্তীকালে ৬ তারিখের বৈঠক বাতিল করা হয়।



