নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত নির্বাচন নিয়ে এখনই কোনও হস্তক্ষেপ করবে না হাই কোর্ট। মঙ্গলবার শুভেন্দু অধিকারীর করা মামলায় এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। আদালতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার তা নেবে রাজ্য নির্বাচন কমিশনই। পাশাপাশি এদিন কলকাতা হাই কোর্টে আপাতত খারিজ হয়ে গেল শুভেন্দু অধিকারীর আর্জি। তবে কী শীঘ্রই পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে চলেছে কমিশন? উঠছে প্রশ্ন।
আরও পড়ুনঃ Weather: সপ্তাহান্তে ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রাজ্যে, কোন কোন জেলায় হবে ঝড়বৃষ্টি?
উল্লেখ্য, রাজ্যের ওবিসি সম্প্রদায়ের গণনার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে জনস্বার্থ মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, ২০১১ সালে তফশিলী জাতি এবং উপজাতির গণনা করা হলেও অন্যান্য অনগ্রসর শ্রেণির গণনা হয়নি। পাল্টা কমিশন বলেছিল, তাঁরা বাড়ি বাড়ি গিয়ে এই গণনা করছেন। শুভেন্দু সেই প্রক্রিয়াকেও চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।

মঙ্গলবার মামলা শুনানি পর্বে প্রধান বিচারপতি তাঁর পর্যবেক্ষণে বলেছেন, গণনা নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছে তার যৌক্তিকতা রয়েছে। তবে এ ব্যাপারে রাজ্য নির্বাচন কমিশনই সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। একইসঙ্গে আদালতের তরফে আরও জানানো হয়েছে, পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় মোতায়েনের জন্য আবেদন করেছেন শুভেন্দু অধিকারী। তিনি চাইলে আলাদা করে এবিষয়ে মামলা দায়ের করতে পারেন। সেই মামলা আদালত শুনবে।
শীঘ্রই পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা, হাইকোর্টের নির্দেশের পরে জল্পনা শুরু

আজকের আদালতের নির্দেশের পর আর নির্বাচন ঘোষণার ক্ষেত্রে আর কোনও বাধা থাকল না। সূত্রের খবর, খুব শীঘ্রই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে আবারও কোনও আইনি জটিলতা না থাকলে মে মাসেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। কিন্তু আইনি লড়াইয়ে এত সহজে জায়গা ছেড়ে দেবেন শুভেন্দু? এই প্রশ্নও উঠতে শুরু করেছে।



