শনিবারই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। বাংলায় ৭ দফার-ও বেশি দফায় ভোট হতে পারে এমনটাই সূত্রের খবর। এ রাজ্যে ৯২০ কোম্পানি বাহিনী আসবে বলে জানা যাচ্ছে। শনিবার বিকেল ৩টের সময় ভোটের নির্ঘন্ট জানাতে চলেছে কমিশন।
আরও পড়ুন: নিজাম, সিজিওতে জোড়া ডাক শাহজাহান ‘ঘনিষ্ঠ’দের, ডাকে সাড়া দিলেন ভাই আলমগীর
সূত্রের খবর, এবার ৯৭ কোটি ভোটার ভোট দেবেন। যাদের মধ্যে ১ কোটি ৮৫ লক্ষ নতুন ভোটার। ৮-৯ দফায় ভোট হতে পারে। বাংলায় ৭ দফার-ও বেশি দফায় ভোট হবার সম্ভাবনা। ১৬ এপ্রিল থেকে ১৭/১৮ মে পর্যন্ত ভোট করানো হতে পারে। গণনা হতে পারে ২০ মে। নতুন সরকার মে-র শেষ না জুনের শুরুতে গঠন হতে পারে। লোকসভার সঙ্গে ৪ রাজ্যের বিধানসভা ভোট হবে।

যদিও রাজ্যের শাসক দল তৃণমূলের তরফে এক দফায় ভোটের দাবি জানানো হয়েছে। বিজেপি সাংসদ সুভাষ সরকার যদিও বলেছেন, ৭ দফাতেই ভোট প্রয়োজন বাংলায়। তাঁর কথায়, “কেন্দ্রীয় বাহিনী দিয়ে ৭ দফায় ভোট করাতে হবে। তাহলেই তৃণমূলের গুন্ডারা ট্যাঁ-ফোঁ করতে পারবে না।

৯২০ কোম্পানি বাহিনী দিয়ে বাংলায় হতে পারে লোকসভা ভোট: সূত্র
রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছেন, বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন চাই। একই সঙ্গে ভোটের দিনগুলোতে তিনি সক্রিয় থাকবেন এবং প্রয়োজনে বুথে বুথে ঘুরবেন বলেও জানিয়েছেন। পাল্টা তৃণমূলের তরফে দাবি, বাংলায় শান্তিপূর্ণভাবেই ভোট হয়, বিজেপির ইন্ধনেই অরাজকতা হয়। পাশাপাশি। রাজ্যপালকে কটাক্ষ করে শাসক দলের বক্তব্য, ভোটের দিন বুথে বুথে ঘোরাটা রাজ্যপালের কাজ নয়!




