নজরবন্দি ব্যুরোঃ দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। মৌসুমী অক্ষরেখার অবস্থান পরিবর্তনের কারণেই এই বৃষ্টিপাত হবে বলে মনে করছেন আবহবিদরা।
আরও পড়ুনঃ পরে জানানো হবে যাদবপুর ও রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি-র পরীক্ষা পদ্ধতি।


আগামী ৪৮ ঘণ্টায় শহর কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগণায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টির জেরে তাপমাত্রার খুব একটা হেরফের না হতেও পারে। আপাতত আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে।
আগামী সপ্তাহের শুরুতে বাড়তে পারে বৃষ্টির পরিমান।গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস।বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৬৮ শতাংশ, সর্বোচ্চ ৯৪ শতাংশ।আগামী ৪৮ ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় শুরু হয়ে যাবে হালকা মাঝারি বৃষ্টি।অস্বস্তিকর পরিস্থিতি নিয়ে হাওয়া অফিসের বার্তা, আগামী দিন কয়েক এমন পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গে।
সমুদ্র থেকে বিপুল পরিমাণ জলীয়বাষ্প ঢুকেছে স্থলভাগে। আর এই জলীয় বাষ্পের কারণেই এমন অস্বস্তিকর পরিস্থিতি। তবে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকলেও বেশি মাত্রায় বৃষ্টির জন্য যে অনুকূল পরিবেশের প্রয়োজন হয় সেই পরিবেশ এখন নেই দক্ষিণবঙ্গে।









