সোমবার শপথ নেবেন রাজ্যের ৩৫ মন্ত্রী, কারা রয়েছেন সম্ভাব্য তালিকায়?

সোমবার লোক ভবনে ৩৫ জন মন্ত্রীর শপথের মাধ্যমে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করতে চলেছে বিজেপি সরকার। তাপস রায় থেকে রূপা গঙ্গোপাধ্যায়— একাধিক নাম ঘিরে জল্পনা তুঙ্গে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্যের নতুন বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। সোমবার লোক ভবনে শপথ নিতে চলেছেন আরও ৩৫ জন মন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে— কারা জায়গা পাচ্ছেন নতুন মন্ত্রিসভায়? কোন কোন বিধায়ক ও পরিচিত মুখের কপালে জুটতে পারে মন্ত্রিত্ব?

রবিবার সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, জনগণের রায়ে নির্বাচিত সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের লক্ষ্যে সোমবার সকাল ১১টায় ৩৫ জন মন্ত্রী শপথ নেবেন। লোক ভবনে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল আর. এন. রবি তাঁদের শপথবাক্য পাঠ করাবেন।

উল্লেখ্য, গত ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে আরও পাঁচজন মন্ত্রী দায়িত্ব গ্রহণ করেছিলেন। সোমবারের শপথের পর রাজ্য মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪১-এ।

সংবিধান অনুযায়ী পশ্চিমবঙ্গে সর্বাধিক ৪৪ জন মন্ত্রী থাকতে পারেন। ফলে প্রায় পূর্ণাঙ্গ আকারেই মন্ত্রিসভা গঠন করতে চলেছে বিজেপি সরকার। প্রশাসনিক গতি বৃদ্ধি এবং জেলার প্রতিনিধিত্ব নিশ্চিত করতেই এই সম্প্রসারণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

যদিও বিজেপির তরফে এখনও আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করা হয়নি, দলীয় সূত্রে একাধিক নাম নিয়ে জোর জল্পনা চলছে। সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় রয়েছেন—

সম্ভাব্য মন্ত্রীদের তালিকা

  • রত্না দেবনাথ (পানিহাটি)
  • শংকর ঘোষ (শিলিগুড়ি)
  • তাপস রায় (মানিকতলা)
  • স্বপন দাশগুপ্ত (রাসবিহারী)
  • জগন্নাথ চট্টোপাধ্যায় (সিউড়ি)
  • ডাঃ ইন্দ্রনীল খাঁ (বেহালা পশ্চিম)
  • অর্জুন সিং (নোয়াপাড়া)
  • ডাঃ শারদ্বত মুখোপাধ্যায় (বিধাননগর)
  • দুধকুমার মণ্ডল (ময়ূরেশ্বর)
  • পাপিয়া অধিকারী (টালিগঞ্জ)
  • রূপা গঙ্গোপাধ্যায় (সোনারপুর দক্ষিণ)
  • রুদ্রনীল ঘোষ (শিবপুর)
  • মনোজ ওঁরাও (কুমারগ্রাম)
  • অম্লান ভাদুড়ি (ইংরেজবাজার)
  • শিখা চট্টোপাধ্যায় (ডাবগ্রাম-ফুলবাড়ি)
  • পার্থ ঘোষ (রানিগঞ্জ)
  • নীলাদ্রি শেখর দানা (বাঁকুড়া)
  • সুদীপ মুখোপাধ্যায় (পুরুলিয়া)
  • অরুণ হালদার (জামালপুর)
  • ডাঃ প্রণত টুডু (বিনপুর)
  • শীতল কপাট (ঘাটাল)
  • অশোক দিন্দা (ময়না)
  • বিমান ঘোষ (পুরশুড়া)
  • সঞ্জয় সিং (বালি)
  • শংকর শিকদার (বেহালা পূর্ব)
  • দেবাংশু পাণ্ডা (ফলতা)
  • দীপঙ্কর জানা (কাকদ্বীপ)
  • ড. রাজেশ কুমার (জগদ্দল)
  • পার্থসারথি চট্টোপাধ্যায় (রানাঘাট উত্তর-পশ্চিম)
  • গৌরীশঙ্কর ঘোষ (মুর্শিদাবাদ)
  • সত্যেন্দ্রনাথ রায় (গঙ্গারামপুর)
  • কৌশিক চৌধুরী (রায়গঞ্জ)
  • দীপক বর্মন (ফালাকাটা)
  • মালতি রাভা রায় (তুফানগঞ্জ)

দলীয় সূত্রের দাবি, মন্ত্রক বণ্টনের ক্ষেত্রে শুধু রাজনৈতিক অভিজ্ঞতাই নয়, জেলার ভারসাম্য, বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিত্ব এবং প্রশাসনিক দক্ষতাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে একাধিক প্রথমবারের বিধায়কও মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন।

বিশেষভাবে নজরে রয়েছেন রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অশোক দিন্দা। জনপ্রিয় মুখ হিসেবে তাঁদের দায়িত্ব দেওয়ার সম্ভাবনা নিয়ে জোর আলোচনা চলছে।

সূত্রের খবর, সোমবার শপথের পরই নতুন মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্তমান কয়েকজন মন্ত্রীর দায়িত্ব পুনর্বিন্যাস হতে পারে। একই সঙ্গে অর্থ দপ্তর নিজের কাছেই রাখতে পারেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তথ্য ও সংস্কৃতি দপ্তরের দায়িত্বও তাঁর হাতেই থাকতে পারে বলে জল্পনা।

সোমবারের শপথ অনুষ্ঠান শেষ হওয়ার পরই স্পষ্ট হবে নতুন মন্ত্রিসভার চূড়ান্ত রূপরেখা। তবে আপাতত রাজনৈতিক মহলের নজর একটাই— এই ৩৫ জনের তালিকায় শেষ পর্যন্ত কারা জায়গা পান এবং কার হাতে ওঠে রাজ্যের গুরুত্বপূর্ণ দপ্তরগুলির দায়িত্ব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন