ধর্মতলায় ২১ জুলাইয়ের শহিদ দিবসের সভার অনুমতি নয়, কালীঘাট ও ঋতব্রত— দুই তৃণমূলকেই জানাল কলকাতা পুলিশ

ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাইয়ের শহিদ দিবসের সভার অনুমতি পেল না দুই তৃণমূল শিবির। ব্যস্ত এলাকায় রাস্তা আটকে কর্মসূচিতে আপত্তি কলকাতা পুলিশের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কলকাতা: ২১ জুলাইয়ের ‘শহিদ দিবস’ কর্মসূচি ঘিরে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ (Kolkata Police)ধর্মতলার (Dharmatala) ভিক্টোরিয়া হাউসের সামনে সভার অনুমতি দেওয়া হবে না বলে দুই তৃণমূল শিবির— কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)-এর নেতৃত্বাধীন শিবিরকে জানিয়ে দিয়েছে লালবাজার। পুলিশের বক্তব্য, শহরের অন্যতম ব্যস্ত এলাকায় রাস্তা আটকে কোনও রাজনৈতিক কর্মসূচির অনুমতি দেওয়া সম্ভব নয়।

২১ জুলাই শহিদ দিবস উপলক্ষে ধর্মতলায় কর্মসূচি করার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছিল দুই পক্ষই। তবে অনুমতি দেওয়ার আগেই রবিবার ভিক্টোরিয়া হাউসের সামনে ফিতে নিয়ে জায়গা মাপতে দেখা যায় কালীঘাট শিবিরের নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) এবং দোলা সেন (Dola Sen)-কে। সেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর বিতর্ক শুরু হয়।

সোমবার বিধানসভায় (West Bengal Assembly) বিষয়টি নিয়ে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, কোথায় সভা করা যাবে, তা প্রশাসনই ঠিক করবে। একই সঙ্গে ব্রিগেডে সভা করার পরামর্শও দেন তিনি। তাঁর মন্তব্যের পর রাস্তায় যান চলাচলে বাধা দিয়ে মাপজোক করার অভিযোগে কুণাল ঘোষ ও দোলা সেনের বিরুদ্ধে মামলা দায়ের করে কলকাতা পুলিশ।

এর একদিনের মধ্যেই ধর্মতলায় সভার অনুমতি না দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হল। লালবাজারের দাবি, সাধারণ মানুষের যাতায়াত ব্যাহত হতে পারে এমন কোনও রাজনৈতিক কর্মসূচির অনুমতি ওই এলাকায় দেওয়া হবে না।

এদিকে, কালীঘাট শিবিরের তরফে রাজ্যসভার প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তী (Subhasish Chakraborty) জানিয়েছেন, এখনও পর্যন্ত পুলিশের কোনও লিখিত চিঠি তাঁদের হাতে পৌঁছয়নি। তাই আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাননি তিনি।

অন্যদিকে, ঋতব্রত শিবিরের পরিষদীয় দলের মুখ্যসচেতক এবং রঘুনাথগঞ্জ (Raghunathganj)-এর বিধায়ক আখরুজ্জামান (Akharuzzaman) বলেন, তাঁদের শহিদ দিবসের কর্মসূচি নির্ধারিতভাবেই পালিত হবে। তবে এমনভাবে অনুষ্ঠান আয়োজন করা হবে যাতে সাধারণ মানুষের কোনও অসুবিধা না হয়। বিষয়টি নিয়ে দলের ভিতরে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

২১ জুলাইয়ের কর্মসূচি ঘিরে দুই তৃণমূল শিবিরের রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে কলকাতা পুলিশের এই সিদ্ধান্ত রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন