নজরবন্দি ব্যুরোঃ আচমকা একগুচ্ছ প্রশ্ন আর জল্পনা উস্কে দিয়ে নিজের সাংসদ পদ ত্যাগ করেছিলেন অর্পিতা ঘোষ। কারণ দর্শাতে প্রিয় অভিষেক কে চিঠি দিয়ে জানিয়েছিলেন দিল্লিতে বসে নয়, রাজ্যে এসে কাজ করতে চান মানুষের জন্য। ৪৮ ঘন্টা কাটার আগেই সেই অর্পিতাকে সংগঠনের বড়ো দায়িত্ব দিল তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুনঃ মেয়াদ শেষের ৫ বছর আগেই ইস্তফা, কারন দর্শাতে অভিষেককে চিঠি অর্পিতার
২০১৪ সালে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট লোকসভা থেকে তৃণমূলের টিকিটে ভোটে জিতেছিলেন অর্পিতা ঘোষ। পরের ভোটে তাঁর হাত ধরে জয় না এলেও সাংসদ পদ পেয়েছিলেন। তৃণমূলের সাংসদ হিসেবে অর্পিতার মেয়াদ ছিল, ২০২৬ পর্যন্ত। তবে আচমকা নিজের পদত্যাগের ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছিল একাধিক চর্চা আর জল্পনা। জল্পনার অবসান ঘটাতেই তৃণমূলের সর্বপভারতীয় সাধারণ সম্পাদককে চিঠি লিখে জানিয়েছিলেন, তাঁর লক্ষ্য স্পষ্ট। আর সেটা হল বাংলার মানুষের জন্য কাজ করা।

এবং তিনি মনে করছেন দলের সাংসদ পদ থেকে বেরিয়ে এসে রাজ্যবাসীর জন্য কাজ করা তাঁর পক্ষে সুবিধার হবে। নিজের লক্ষ্য এবং ভাবনা স্পষ্ট করেতে দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েই নাট্যকর্মী, সাংসদ লিখেছিলেন,‘কী ভাবে দলের কাজ করব, গত বিধানসভা নির্বাচনে বিরাট জয়ের পর এই বিষয়টি নিয়ে গভীর চিন্তা ভাবনা করেছি। আমায় যদি বাংলায় দলের কাজ করার সুযোগ দেওয়া হয়, সাংসদ পদে না থেকে সেই কাজ করতে আমি বেশি আগ্রহী। আমার লক্ষ্য স্পষ্ট। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষের জন্য কাজ করতে চাই আমি। আমার মনে হয়, রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে বাংলায় এসে কাজ করতে পারলেই নিজের লক্ষ্যে পৌঁছতে পারব।’
অভিষেককে চিঠিতে অর্পিতা লিখেছিলেন মানু্ষের হয়ে কাজ করতে চান, এবার থেকে সংগঠন সামলাবেন তিনি,

সেই ঘটনার ৪৮ ঘন্টার মধ্যেই তৃণমূল কংগ্রেসের রাজ্যের অন্যতম সাধারোন সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে অর্পিতা ঘোষকে। অর্থাৎ রাজ্যে থেকে সংগঠন সামলানো থেকে মানুষের পাশে থেকে কাজ সবই করতে পারবেন তিনি। এই মুহুর্তে রাজ্যের সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলাচ্ছেন কুণাল ঘোষ। এবার থেকে তাঁর সঙ্গেই কাজ করবেন অর্পিতা।
তবে অর্পিতার সাংসদ পদ ত্যাগে অনেকেই মনে করছেন এতে অন্য সুবিধাও হবে তৃণমূলের। দেশের কাজের জন্য অর্পিতার জায়গায় পাঠাতে পারবেন অন্য কাউকে। ইতিমধ্যে দীনেশ ত্রিবেদীর জায়গায় রাজ্যসভায় গিয়েছেন জহর সরকার, মানসের আসনে ভোট লড়বেন সুস্মিতা দেব। অর্পিতা ঘোষ সাংসদ পদ ত্যাগ করায় সেই আসনে আরও একজন সাংসদ যাবেন দিল্লিতে।



