নজরবন্দি ব্যুরোঃ সুমন কাঞ্জিলালের পর বিজেপি থেকে আর কারা তৃণমূলে যোগদান করবেন? রাজ্য রাজনীতিতে এই প্রশ্ন ক্রমাগত ঘুরে বেড়াচ্ছে। তৃণমূলের তরফে সেই সংখ্যা নিয়ে একাধিক চর্চা হলেও চুপ রয়েছেন বিজেপি নেতারা। এরই মধ্যে এবার আরও ১২ জনের দলবদল নিয়ে সরব হলেন উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।
আরও পড়ুনঃ Bidhansabha: অনুপস্থিত বিরোধী দলের ২০ জন বিধায়ক, রাজ্যপালের ভাষণ ঘিরে তুঙ্গে তরজা
বুধবার রাজ্যের মন্ত্রী বলেন, একজন এসেছেন আর অন্তত ১২ জন অপেক্ষা করছেন। যা নিয়ে ফের রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। কারণ, এর আগে তৃণমূলের তরফে দাবি করা হচ্ছিল এখনও ১৩ জন বিধায়ক দলবদলের জন্য অপেক্ষা করছেন। অপেক্ষারত বিধায়কদের আরও অপেক্ষা করার পাশাপাশি বিজেপির খবর দেওয়ার কথাও বলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ।

মঙ্গলবার সেই জল্পনা আরও জোরালো করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তাঁর বক্তব্য কোচবিহার জেলার ৩ জন বিধায়ক পা বাড়িয়ে রেখেছেন দলবদলের জন্য। আগামী দিনে কোচবিহারে বিজেপির পতন হতে চলেছে বলেও দাবি করেন তিনি। তবে কী উত্তরবঙ্গের একাধিক বিধায়করা দলবদল করতে চলেছেন? উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর কথায় জল্পনা বেড়েছে।
অন্তত ১২ জন অপেক্ষা করছেন, দাবি মন্ত্রী উদয়ন গুহর

যদিও দলবদলের বিষয়টিকে আমল দিতে নারাজ বিজেপি। বিজেপির তরফে বলা হয়েছে, কে কী বলল তাতে কিছু যায় আসে না। যাঁরা মানুষের সঙ্গে প্রতারণা করে উল্টোদিকে চলে গিয়েছে। ক্ষমতার সঙ্গে সম্পৃক্ত থাকতে চেয়েছেন। মানুষ তাঁদের চিনে নিয়েছে। আমরা মানুষের কাছে ক্ষমাপ্রার্থী যে এমন লোকদের আমরা ২০২১ সালে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছিলাম। আর যিনি উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী তিনি কতবার দলবদল করেছেন, মানুষ তা দেখেছে।



