নজরবন্দি ব্যুরো: দেশ জুড়ে করোনার দ্বিতীয় ঢেউ। গত বছরের ন্যায় কয়েকগুন দ্রুত বেগে ছড়াচ্ছে এই নয়া স্ট্রেন। রেকর্ড গড়ছে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২৬ হাজার অতিক্রম করেছে। যা গত বছরের তুলনায় বহু বহু গুন বেশি। দেশের ৫ রাজ্যে ভোট চলছে। ভোট আবহে লাগাম ছাড়া সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের।
আরও পড়ুনঃ দিল্লির AIIMS এ করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
এর উপর সাধারণ মানুষের বেপরোয়া মনোভাব। বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, একদিনে ভারতে ১ লক্ষ ২৬ হাজার ৭৮৯ জন করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে অন্তত পক্ষে হাজার বেশি। এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা মোট ১ কোটি ২৯ লক্ষ ২৮ হাজার ৫৭৪। মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৬৬ হাজার ৮৬২। গত ২৪ ঘণ্টায় সংক্রমণে মৃত্যু হয়েছে ৬৮৫ জনের। দৈনিক আক্রান্তের হারের সাথে তাল মিলিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।
গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ৫৯ হাজার ২৫৮ জন। যা দৈনিক আক্রান্তের তুলনায় অনেক কম। এই মুহুর্তে দেশে মোট অ্যাকটিভ কেসের সংখ্যা ৯ লক্ষ ১০ হাজার ৩১৯। কোভিড-১৯ কে হারিয়ে সুস্থ হয়েছেন এখনও পর্যন্ত ১ কোটি ১৮ লক্ষ ৫১ হাজার ৩৭৩ জন। চলতি বছরের শুরু থেকে গোটা দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ৯ কোটি ১ লক্ষ ৯৮ হাজার ৬৭৩ জন দেশবাসী। করোনা সংক্রমণের রুখতে ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্যে কড়া ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।
নতুন করে জারি করা হয়েছে করোনা বিধিনিষেধ। এছাড়াও বেশ কিছু জায়গায় নাইট কারফিউ এবং লকডাউনও জারি করা হয়েছে। দেশে এই মুহুর্তে সব থেকে বেশি উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্র, পাঞ্জাব, গুজরাট, উত্তপ্রদেশ, কেরল, অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যগুলি। পরিস্থিতির উপর নজর রেখে আজ ফের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।



