ফের একা যুজবেন্দ্র চাহাল? মাহভাশের ‘আনফলো’তেই নতুন জল্পনা, ইনস্টাগ্রামে মিলল বড় ইঙ্গিত

ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করায় চাহাল–মাহভাশের সম্পর্ক নিয়ে নতুন জল্পনা। ব্যক্তিগত ও কেরিয়ারের টানাপোড়েনে ফের কঠিন সময়ে ভারতীয় স্পিনার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মাঠের বাইরে ব্যক্তিগত জীবনে আর মাঠের ভিতরে কেরিয়ারের টানাপোড়েন—দু’দিক থেকেই যেন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন যুজবেন্দ্র চাহাল। জাতীয় দলের দরজা তিন বছর ধরে বন্ধ, ঘরোয়া ক্রিকেটেও অনিয়মিত উপস্থিতি। এর মধ্যেই সোশাল মিডিয়ায় এক ‘আনফলো’ ঘিরে ফের চর্চার কেন্দ্রে ভারতীয় স্পিনার। যাঁর সঙ্গে প্রেমের গুঞ্জন দীর্ঘদিন ধরে, সেই আরজে মাহভাশও কি এবার সরে যাচ্ছেন?

সূত্রের খবর, ইনস্টাগ্রামে একে অপরকে আর ‘ফলো’ করছেন না যুজবেন্দ্র চাহালআরজে মাহভাশ। নেটপ্রভাবী বারিন্দর চাওলা প্রথম এই তথ্য প্রকাশ্যে আনেন। তার পর থেকেই সোশাল মিডিয়ায় জোর জল্পনা—তাহলে কি চাহালের জীবনে আরেকটি সম্পর্কের ইতি?

লক্ষ করার মতো বিষয়, সাম্প্রতিক মাসগুলোতে চাহাল ও মাহভাশকে একসঙ্গে আর দেখা যায়নি। ইনস্টাগ্রামে নেই একে অপরের জন্য কোনও পোস্ট বা ইঙ্গিতপূর্ণ মন্তব্যও। অথচ কিছু মাস আগেও চিত্রটা ছিল একেবারেই আলাদা। ব্যক্তিগত জীবনের কঠিন সময়ে, বিশেষ করে ধনশ্রী বর্মা-র সঙ্গে বিচ্ছেদের আগে ও পরে, চাহালের পাশে নিয়মিত দেখা যেত মাহভাশকে। স্টেডিয়ামে উপস্থিত থেকে উৎসাহ দেওয়া হোক বা সোশাল মিডিয়ায় সমর্থনের বার্তা—সবই ছিল চোখে পড়ার মতো।

কিন্তু গত কয়েক মাসে সেই দৃশ্যপট বদলেছে। চোট-আঘাত, জাতীয় দলে ব্রাত্য থাকা এবং ব্যক্তিগত জীবনের চাপ—সব মিলিয়ে চাহালের পাশে মাহভাশের উপস্থিতিও ধীরে ধীরে কমেছে। এবার ইনস্টাগ্রামে একে অপরকে ‘আনফলো’ করার খবরে জল্পনা আরও ঘনীভূত হয়েছে। যদিও উল্লেখযোগ্য ভাবে, চাহাল বা মাহভাশ—কেউই কখনও প্রকাশ্যে তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি।

এই আবহেই চাহালকে ঘিরে আরেকটি গুঞ্জন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, পুরনো তিক্ততা ভুলে প্রাক্তন স্ত্রী ধনশ্রী বর্মার সঙ্গে চলতি বছর একটি রিয়্যালিটি শো-তে অংশ নিতে পারেন তিনি। ‘দ্য ৫০’ নামের ওই শো-তে ক্রীড়া, বিনোদন ও নেটদুনিয়ার ৫০ জন পরিচিত মুখ অংশ নেবেন বলে খবর। যদিও এই জল্পনায় জল ঢেলে চাহাল নিজেই রিয়্যালিটি শো-তে যোগ দেওয়ার খবর অস্বীকার করেছেন।

সব মিলিয়ে, কেরিয়ার ও ব্যক্তিগত জীবন—দু’মুখী চাপের মাঝেই ফের একা হয়ে পড়ছেন কি যুজবেন্দ্র চাহাল? উত্তর দেবে সময়ই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত