বিধানসভার শপথগ্রহণের দিনেই রাজ্য রাজনীতিতে নতুন জল্পনার আগুন। তৃণমূলের বর্ষীয়ান নেতা মদন মিত্রকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি বিধায়ক অর্জুন সিং। সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে তাঁর দাবি, “যেকোনও মুহূর্তে মদনদা আমাদের সঙ্গে চলে আসবেন।” আর সেই মন্তব্যের পর থেকেই শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। যদিও মদন মিত্র এ বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি। শুধু রহস্যময় হাসি মুখে তাকিয়ে ছিলেন অর্জুনের দিকে।
বুধবার বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব ছিল। সেখানে উপস্থিত ছিলেন মদন মিত্রও। শপথ নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন বলেন, “২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন শপথ নিতে এসেছিলেন, তখন লক্ষাধিক মানুষ রাস্তায় নেমেছিলেন। সেই আবেগে ছিল ৩৪ বছরের বাম শাসন থেকে মুক্তির অনুভূতি। এবার বাংলার মানুষ যেন নির্বাক। কোথাও উচ্ছ্বাস নেই। এমন একটা বিধানসভা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নেই— সেটা মানসিকভাবে ভেঙে দিচ্ছে।”


এই সময়ই সেখানে উপস্থিত হন অর্জুন সিং। সাংবাদিকদের অনুরোধে মদনের পাশে দাঁড়িয়ে তিনি হাসতে হাসতেই বলেন, “একসঙ্গেই আছি। যেকোনও মুহূর্তে মদনদা আমাদের সঙ্গে চলে আসবেন।” এরপর মদনের দিকে তাকিয়ে বলেন, “কী দাদা?” তারপর “ও লাভলি” বলে সরে যান বিজেপি বিধায়ক।
তবে মদন মিত্র পুরো বিষয়টি নিয়ে একটিও শব্দ খরচ করেননি। শুধু হেসে অর্জুনের দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ।
রাজনৈতিক মহলের মতে, অর্জুনের এই মন্তব্য নিছক রসিকতা, নাকি এর পিছনে অন্য কোনও রাজনৈতিক ইঙ্গিত রয়েছে— তা নিয়েই এখন জোর আলোচনা শুরু হয়েছে।


উল্লেখযোগ্যভাবে, তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই দলের অন্যতম পরিচিত মুখ মদন মিত্র। একাধিক রাজনৈতিক ঝড়ের মধ্যেও তিনি প্রকাশ্যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থেকেছেন। তাই এমন এক নেতাকে ঘিরে বিজেপিতে যোগদানের জল্পনা তৈরি হওয়ায় স্বাভাবিকভাবেই তা রাজ্য রাজনীতিতে নতুন কৌতূহল তৈরি করেছে।







