নজরবন্দি ব্যুরোঃ জঙ্গিদের মদত সহ অর্থ সংগ্রহের অভিযোগে দোষী সাব্যস্ত করা হল কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিককে। এনআইএ আদালতে বৃহস্পতিবার দোষী সাব্যস্ত করা হয় জম্মু কাশ্মীরের এই বিচ্ছিন্নতাবাদী নেতাকে। তার বিরুদ্ধে ইউএপিএ ধারায় অভিযোগ দায়ের করা হয়। আগামী ২৫ মে ইয়াসিন মালিকের সাজা ঘোষণা করা হবে বলে খবর।
আরও পড়ুনঃ ফের চালু হতে চলেছে ভারত-বাংলাদেশ যাত্রীবাহী ট্রেন, কবে থেকে জানুন
বহুদিন ধরেই জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নতাবাদী কাজকর্ম চালানোর ও তা প্রচার করার অভিযোগ রয়েছে জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টের নেতা ইয়াসিন মালিকের বিরুদ্ধে। এই কারণে একাধিকবার গৃহবন্দিও করে রাখা হয় তাকে। ইয়াসিনের সংগঠন জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টকে আগেই নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

বছর দুই আগেই তাকে জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করে এনআইএ। তারপর থেকে জেলেই রয়েছে ইয়াসিন। এনআইএ সূত্রের খবর, আদালতে নিজের দোষ কবুল করে নিয়েছে এই বিচ্ছিন্নতাবাদী নেতা। দোষী সাব্যস্ত করার পাশাপাশি বিশেষ এনআইএ কোর্ট ইয়াসিনের সম্পত্তির পরিমাণও জানতে চেয়েছে।

ইয়াসিনকে বলা হয়েছে, মামলার পরবর্তী শুনানির আগে তার সম্পত্তির হিসেবনিকেশ হলফনামা আকারে জমা দিতে হবে। এনআইএ-কেও বলা হয়েছে ইয়াসিনের সম্পত্তির পরিমাণ খোঁজখবর নিয়ে জানাতে। সম্পত্তির পরিমাণের ভিত্তিতেই তার জরিমানার অঙ্ক ঠিক হবে।

দোষী সাব্যস্ত করা হল কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিককে, সাজা ঘোষণা ২৫ মে
উল্লেখ্য মালিকের বিরুদ্ধে ইউএপিএ আইনের ধারা ১৬, ১৭, ১৮ এবং ২০-তে মামলায় দায়ের হয়েছিল। এছাড়াও ভারতীয় দণ্ডবিধির ১২০ বি এবং ১২৪ এ ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র এবং দেশদ্রোহিতার মামলা রুজু হয়।




