মাদুরো ইস্যুতে কড়া বার্তা শি জিনপিংয়ের, নাম না করে আমেরিকাকে তীব্র আক্রমণ চিনা প্রেসিডেন্টের

ভেনেজুয়েলা ইস্যুতে শি জিনপিংয়ের মন্তব্যে কূটনৈতিক তাৎপর্য। একতরফা আধিপত্যবাদে আন্তর্জাতিক শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হচ্ছে—বার্তা বেজিংয়ের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো-কে ঘিরে চলা সাম্প্রতিক ঘটনাপ্রবাহে আন্তর্জাতিক কূটনীতিতে নতুন টানাপড়েন। এই প্রেক্ষিতে সোমবার বিশ্বের ‘অস্থিরতা’ ও ‘একতরফা আধিপত্যবাদ’ নিয়ে সরব হলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তাঁর মন্তব্যে সরাসরি কোনও দেশের নাম না থাকলেও, কূটনৈতিক মহলের মতে বার্তাটি পরোক্ষে ডোনাল্ড ট্রাম্প-কেই লক্ষ্য করে।

বৈঠকে শি বলেন, বর্তমান বিশ্ব যে রকম পরিবর্তন ও অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, তা এক শতাব্দীতে বিরল। তাঁর কথায়, “একতরফা আধিপত্যবাদ আন্তর্জাতিক শৃঙ্খলাকে ক্ষতিগ্রস্ত করছে। কোনও দেশের জনগণ যে উন্নয়নের পথ বেছে নেয়, তা সকলের সম্মান করা উচিত। আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রপুঞ্জের সনদ মেনে চলা জরুরি—বিশেষ করে বৃহৎ শক্তিগুলির ক্ষেত্রে।” কূটনীতিকদের মতে, এই বক্তব্যের মাধ্যমে সার্বভৌমত্ব ও বহুপাক্ষিকতার পক্ষে অবস্থান আরও জোরালো করল বেজিং।

ভেনেজুয়েলা নিয়ে প্রথম থেকেই কড়া সুরে কথা বলছে চিন। চিনের বিদেশ মন্ত্রক একাধিক বিবৃতিতে মাদুরো ও তাঁর স্ত্রীকে দ্রুত মুক্তির আহ্বান জানিয়েছে এবং পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। যদিও এত দিন শি জিনপিং নিজে প্রকাশ্যে মন্তব্য করেননি, সোমবারের বক্তব্যে তাঁর অবস্থান স্পষ্ট হয়েছে বলে মনে করছে কূটনৈতিক মহল।

চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়াং বলেন, “প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অবিলম্বে মুক্তি দিতে হবে। তাঁর ও তাঁর স্ত্রীর নিরাপত্তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।” একই সঙ্গে তিনি জানান, মাদুরোর অনুপস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেস ভারপ্রাপ্ত দায়িত্বে রয়েছেন এবং কারাকাসের সঙ্গে বেজিং নিয়মিত যোগাযোগ রাখছে।

ভেনেজুয়েলা বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেলের ভান্ডারগুলির একটি। মাদুরোকে ঘিরে পরিস্থিতির পর আমেরিকা সেখানে বিনিয়োগ বাড়ানোর কথা বলায় আন্তর্জাতিক বাজারে জল্পনা তুঙ্গে। এই প্রেক্ষিতে চিন কি ভেনেজুয়েলা থেকে তেল আমদানি অব্যাহত রাখবে—এই প্রশ্নে লিন সরাসরি তেলের উল্লেখ না করে বলেন, চিন ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে সম্মান করে এবং দুই দেশের সহযোগিতা আন্তর্জাতিক আইন ও অভ্যন্তরীণ আইন দ্বারা সুরক্ষিত।

সব মিলিয়ে, শি জিনপিংয়ের মন্তব্যে ভেনেজুয়েলা প্রশ্নে চিনের অবস্থান আরও স্পষ্ট হয়েছে। নাম না করেও বৃহৎ শক্তির ‘একতরফা’ পদক্ষেপের সমালোচনা করে বেজিং যে বহুপাক্ষিকতার পক্ষে নিজের কূটনৈতিক বার্তা জোরদার করল, তা নিয়ে সন্দেহ নেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত