মান-অভিমানের পালা কাটিয়ে দুই মরশুম পর আবার বাংলা দলে ফিরেছেন ঋদ্ধিমান সাহা। কিন্তু আসন্ন মরশুমে কোন ভূমিকায় খেলবেন পাপালি তা নিয়ে চর্চা শুরু হয়েছে। গত দুই মরশুম দুরন্ত পারফরম্যান্স করেছেন অভিষেক পোরেল। ফলে ঋদ্ধি উইকেটরক্ষকের ভূমিকায় থাকলে তাঁক দলে জায়গা পাওয়া কঠিন হতে পারে।
১১ অক্টোবর থেকে রনজি অভিযান শুরু করছে বাংলা। এখন জোরকদমে প্রস্তুতি চলছে। বুধবার সিএবির তরফ থেকে রনজি প্রাথমিক দল নির্বাচন করে ফেলা হল। তাতে অবশ্য বিশেষ কোনও চমক নেই। অভিমন্যু ঈশ্বরণ থেকে সুদীপ ঘরামি, সবাই রয়েছেন। গত দুই মরশুমে ত্রিপুরার হয়ে খেলে আবার ঘরে ফিরেছেন ঋদ্ধিমান সাহা, সুদীপ চট্টোপাধ্যায়। দু’জন ফিরে আসায় বাংলার ব্যাটিং শক্তি যে আরও বাড়ল, সেটা বলে দেওয়াই যায়। এদিন ৩১ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়েছে। দলে রাখা হয়েছে সামিকেও।


৩১ জনের তালিকা প্রকাশ করলেও অধিনায়কের নাম ঘোষণা করেনি বাংলা। মনোজ তিওয়ারি অবসর নেওয়ার পর কে বাংলার অধিনায়ক হবেন, তা এখনও স্পষ্ট নয়। যদিও অনেকের মতে দৌড়ে রয়েছেন অভিমন্যু এবং ঋদ্ধি। আসন্ন মরশুমে ঋদ্ধি দলে থাকলেও শুধুমাত্র যে ব্যাটার হিসেবেই তাঁকে দেখা যাবে তা এক প্রকার স্পশ্ট করে দিল টিম ম্যানেজমেন্ট।
অভিষেক এবং ঋদ্ধি ছাড়া দলে আর একজন উইকেটরক্ষক সৌরভ পাল। তিনিও গত মরশুমে ব্যাটার হিসেবে খেলেন। এ বারেও হয়তো সেই দায়িত্ব পালন করতে দেখা যাবে তাঁকে। আর সামির ক্ষেত্রে জানা গিয়াছে আগস্টে শহরে এক অনুষ্ঠানে এসে সামি নিজেই জানিয়ে গিয়েছিলেন যে তিনি বাংলার হয়ে বেশ কয়েকটা ম্যাচে খেলবেন। বিশ্বকাপের সময় চোট পেয়েছিলেন ভারতীয় এই তারকা পেসার। তারপর তাঁর অস্ত্রোপচার হয়।







