২০২৫ সালে বিশ্বজুড়ে প্রতি ঘণ্টায় গড়ে পাঁচ জন মহিলা ও কন্যাশিশুকে খুন করা হয়েছে তাঁদের স্বামী, ঘনিষ্ঠ সঙ্গী অথবা পরিবারের অন্য কোনও সদস্যের হাতে। রাষ্ট্রপুঞ্জের (United Nations) নতুন রিপোর্টে উঠে এসেছে এমনই উদ্বেগজনক পরিসংখ্যান। রিপোর্ট অনুযায়ী, গোটা বছরে অন্তত ৪৭ হাজার মহিলা ও কন্যাশিশুর মৃত্যু হয়েছে এইভাবে। মহিলাদের বিরুদ্ধে হিংসার ক্ষেত্রে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি আফ্রিকা মহাদেশে।
রাষ্ট্রপুঞ্জের মাদক ও অপরাধ দফতর (United Nations Office on Drugs and Crime বা UNODC) এবং রাষ্ট্রপুঞ্জের মহিলা বিষয়ক সংস্থা ইউএন উইমেন (UN Women) যৌথভাবে প্রকাশ করেছে ২০২৬ সালের ফেমিসাইড রিপোর্ট (Femicide Brief)। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসের প্রাক্কালে প্রকাশিত এই রিপোর্টে স্পষ্ট, ঘর এবং পরিবারের পরিসরও বহু মহিলার কাছে নিরাপদ নয়।
রিপোর্টের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বে মোট ৭৮ হাজার মহিলা ও কন্যাশিশুকে ইচ্ছাকৃতভাবে খুন করা হয়েছে। তাঁদের মধ্যে প্রায় ৬০ শতাংশের মৃত্যু হয়েছে স্বামী, ঘনিষ্ঠ সঙ্গী অথবা পরিবারের কোনও সদস্যের হাতে। অর্থাৎ, প্রতিদিন গড়ে ১২৯ জন মহিলা ও কন্যাশিশুকে প্রাণ হারাতে হয়েছে পরিচিত মানুষের হাতে।
আঞ্চলিক পরিসংখ্যানেও আফ্রিকা সবার উপরে। ২০২৫ সালে সেখানে প্রায় ২২ হাজার ১০০ জন মহিলা ও কন্যাশিশুকে তাঁদের ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যরা খুন করেছেন। প্রতি এক লক্ষ মহিলা ও কন্যাশিশুর নিরিখে এই মৃত্যুর হার ২.৯।
এর পরেই রয়েছে আমেরিকা মহাদেশ। সেখানে এই ধরনের হত্যাকাণ্ডের সংখ্যা আনুমানিক ৭ হাজার ৪০০। এশিয়ায় সংখ্যাটি ১৫ হাজার ১০০, ইউরোপে ২ হাজার ১০০ এবং ওশিয়ানিয়ায় প্রায় ৩০০। তবে জনসংখ্যার অনুপাতে মৃত্যুর হারে আমেরিকার পরেই রয়েছে ওশিয়ানিয়া। এই দুই মহাদেশে প্রতি এক লক্ষ মহিলা ও কন্যাশিশুর মধ্যে হত্যার হার যথাক্রমে ১.৪ এবং ১.১। এশিয়ায় এই হার ০.৬ এবং ইউরোপে ০.৫।
রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। ২০২৪ সালে একইভাবে স্বামী বা পরিবারের সদস্যদের হাতে খুন হয়েছিলেন আনুমানিক ৫০ হাজার মহিলা ও কন্যাশিশু। ২০২৫ সালে সেই সংখ্যা কমে ৪৭ হাজারে দাঁড়ালেও, একে মহিলাদের বিরুদ্ধে হিংসা কমে যাওয়ার প্রমাণ হিসেবে দেখছে না রাষ্ট্রপুঞ্জ। দেশভিত্তিক তথ্য সংগ্রহ ও উপলব্ধির ক্ষেত্রে পরিবর্তনের কারণেই এই পার্থক্য তৈরি হয়েছে বলে রিপোর্টে স্পষ্ট করা হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, মহিলাদের বিরুদ্ধে এই ধরনের অপরাধের পিছনে অনেক সময় দীর্ঘদিনের নির্যাতন, হুমকি এবং নিয়ন্ত্রণ করার প্রবণতা কাজ করে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছনোর আগেই হস্তক্ষেপ করা গেলে বহু প্রাণ বাঁচানো সম্ভব। কিন্তু নির্যাতনের শিকার অনেক মহিলা নিরাপত্তার অভাব, সামাজিক বাধা এবং বিচারব্যবস্থায় পৌঁছনোর সমস্যার কারণে অভিযোগ জানাতে পারেন না।
বিশ্বজুড়ে সাধারণ হত্যাকাণ্ডের হার কমলেও মহিলাদের বিরুদ্ধে এই ধরনের হত্যাকাণ্ড কমার গতি তুলনায় অনেক ধীর। বিশেষ করে আমেরিকা ও ইউরোপে ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে সাধারণ হত্যার হার যে গতিতে কমেছে, ফেমিসাইডের হার সেই তুলনায় পিছিয়ে রয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ।
আগামী ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। তার আগে প্রকাশিত এই রিপোর্টে রাষ্ট্রপুঞ্জের বার্তা, মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্যাতনের অভিযোগের দ্রুত তদন্ত, ঝুঁকিতে থাকা মহিলাদের সুরক্ষা এবং অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করা জরুরি। কারণ, প্রতি ঘণ্টায় পাঁচটি প্রাণহানির এই পরিসংখ্যানের পিছনে রয়েছে এমন বহু মৃত্যু, যা সময়মতো ব্যবস্থা নেওয়া গেলে এড়ানো সম্ভব ছিল।



