জিকসনের শেষ মুহূর্তের গোলে জয় ইস্টবেঙ্গলের! এএফসি-তে শেষ ষোলোর আশা জিইয়ে রেখে ডার্বির আগে স্বস্তি হাবাসের

যুবভারতীতে ৮৭ মিনিটে জিকসন সিংহের গোলে আল হুসেইনকে হারাল ইস্টবেঙ্গল। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রবিবারের ডার্বির আগে স্বস্তি হাবাসের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ম্যাচের বয়স তখন ৮৭ মিনিট। গোলের জন্য মরিয়া ইস্টবেঙ্গল। একের পর এক আক্রমণ করেও জর্ডনের আল হুসেইনের রক্ষণ ভাঙতে পারছিল না লাল-হলুদ। শেষ পর্যন্ত ত্রাতা হয়ে উঠলেন জিকসন সিংহ (Jeakson Singh)। তাঁর একমাত্র গোলে মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আল হুসেইনকে ১-০ ব্যবধানে হারাল ইস্টবেঙ্গল। এই জয়ের ফলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র শেষ ষোলোয় ওঠার আশা জিইয়ে রাখল কলকাতার ক্লাব। একই সঙ্গে রবিবারের আইএসএল ডার্বির আগে প্রয়োজনীয় আত্মবিশ্বাসও ফিরে পেল আন্তোনিয়ো লোপেজ হাবাসের দল।

ম্যাচের গুরুত্ব বুঝেই শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে ইস্টবেঙ্গল। তবে চোটের কারণে আনোয়ার আলি ও এডমুন্ড লালরিনডিকাকে পাননি হাবাস। মরসুমের শুরুতে যে ছন্দে খেলছিল লাল-হলুদ, সাম্প্রতিক ম্যাচগুলিতে তার অভাব স্পষ্ট। গোলের সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারছিল না দল। পাশাপাশি রক্ষণেও বারবার ফাঁক তৈরি হচ্ছিল। আল হুসেইনের বিরুদ্ধেও সেই সমস্যাগুলি সামনে আসে।

ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণে ওঠে ইস্টবেঙ্গল। দানি রামিরেজের পাস ধরে প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়েছিলেন ডেভিড। তবে জর্ডনের ক্লাবের ডিফেন্ডাররা দ্রুত পরিস্থিতি সামাল দেন। পাল্টা আক্রমণে পাঁচ মিনিটের মাথায় গোলের সুযোগ তৈরি করে আল হুসেইনও। প্রথম ২৫ মিনিটে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে।

২৮ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন জয় গুপ্তা। বক্সের মধ্যে সুবিধাজনক জায়গায় বল পেয়েও লক্ষ্যে রাখতে পারেননি তিনি। সেই সুযোগের পর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে আল হুসেইন। ইস্টবেঙ্গলের গোলরক্ষক ফুরবা লাচেনপাকে বেশ কয়েক বার পরীক্ষার মুখে পড়তে হয়। তবে প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি।

দ্বিতীয়ার্ধেও গোলের জন্য মরিয়া ছিল দু’পক্ষ। ৫০ মিনিটের মধ্যেই এগিয়ে যেতে পারত যে কোনও দল। আল হুসেইনের একটি শট পোস্টে লেগে ফিরে আসে। অন্য দিকে, দানি রামিরেজের শট আছড়ে পড়ে বারে। ৫১ মিনিটে প্রতিপক্ষের একটি বিপজ্জনক আক্রমণ সামাল দেন জিভুলিচ। দ্বিতীয়ার্ধে আল হুসেইনের আক্রমণের ধার বাড়লেও ইস্টবেঙ্গলও পাল্টা লড়াই চালিয়ে যায়।

৭০ মিনিট পর্যন্ত গোল না আসায় দুই দলই পরিবর্তনের পথে হাঁটে। হাবাস মাঠে নামান বিপিন সিংহ, পিভি বিষ্ণু ও লুকাস জোলিনস্কিকে। তুলে নেন আকে লোবা, দানি রামিরেজ ও ইকনোমিডিসকে। শেষ দিকে জয়ের জন্য চাপ বাড়াতে থাকে লাল-হলুদ।

অবশেষে ৮৭ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। ডান দিক থেকে কর্নার আদায় করে ইস্টবেঙ্গল। বক্সের মধ্যে বল পেয়ে যান জিকসন সিংহ। সুযোগের সদ্ব্যবহার করতে ভুল করেননি তিনি। তাঁর গোলেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। শেষ কয়েক মিনিটে সমতা ফেরানোর চেষ্টা করলেও সফল হয়নি আল হুসেইন। ফলে ১-০ ব্যবধানে গুরুত্বপূর্ণ জয় নিয়ে মাঠ ছাড়ে হাবাসের দল।

এই জয়ের ফলে গ্রুপ ডি-তে পাঁচ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। সমান পয়েন্ট থাকলেও গোলপার্থক্যে এগিয়ে দ্বিতীয় স্থানে আল হুসেইন। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আল শোর্তা। অন্য দিকে, চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আল সিব। গ্রুপের শেষ ম্যাচে আল শোর্তার বিরুদ্ধে নামতে হবে ইস্টবেঙ্গলকে। ফলে শেষ ষোলোয় ওঠার লড়াই এখনও শেষ হয়ে যায়নি।

এএফসি-র মঞ্চে এই জয় নিঃসন্দেহে স্বস্তি দেবে হাবাসকে। সামনেই রবিবারের আইএসএল ডার্বি। তার আগে দলের আত্মবিশ্বাস ফেরানো ছিল অত্যন্ত জরুরি। জিকসনের শেষ মুহূর্তের গোল শুধু তিন পয়েন্টই এনে দিল না, বড় ম্যাচের আগে লাল-হলুদ শিবিরে ফিরিয়ে দিল লড়াইয়ের বিশ্বাসও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর