নজরবন্দি ব্যুরো: ধর্ষণে বাধা দেওয়ায় মহিলাকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা। এমনই এক ন্যাক্কারজনক ঘটনা ঘটল মধ্যপ্রদেশে। গত সোমবার রাতে ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার এই খবর প্রকাশ্যে আসে। পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: লর্ডসে সৌরভের দাদাগিরি! আজকের দিনেই অভিষেক ম্যাচে শতরান করেন মহারাজ


পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা মহিলা ও তাঁর এক আত্মীয় সুরাট এক্সপ্রেসে করে মুজফফরপুর থেকে সুরাট যাচ্ছিলেন। ওই ট্রেনেই অভিযুক্ত পাঁচজন যাত্রী ছিলেন। অভিযোগ, প্রথম থেকেই অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিরা নির্যাতিতা মহিলাকে যৌন হেনস্থা করার চেষ্টা করে। তাঁর শাড়ি ধরে টানা হয়। জায়গা পরিবর্তন করলেও লাভ হয়নি। এমনকি তাঁদের বাধা দেওয়া হলে মহিলার সঙ্গে থাকা আত্মীয়কে মারধর করা হয়। এরপর জোর করে চলন্ত ট্রেন থেকেই ফেলে দেওয়া হয়। যার ফলে দুজনেই গুরুতর চোট পেয়েছেন।

নির্যাতিতা মহিলা বিলুয়া থানায় অভিযোগ দায়ের করেন। অজ্ঞাত পরিচয়ের পাঁচ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। তাঁদের সন্ধান শুরু হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানায়, অভিযুক্তদের হেনস্থার হাত থেকে বাঁচতে মহিলা ও তাঁর আত্মীয় ট্রেনের দরজার কাছে সিটে গিয়ে বসেন। কিন্তু সেখানেও তাঁর সঙ্গে অশ্লীল আচরণ করা হয়। এরপর গোয়ালিয়রের কাছে ট্রেন আসতেই দুজনকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।



ভোরবেলা গোয়ালিয়রের কাছে বারোদি গ্রামের বাসিন্দারা রেললাইনের ধারে তাঁদের অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিলুয়া থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দুজনকে উদ্ধার করেন। বর্তমানে তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল। বিলুয়া রেলস্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন গোয়ালিয়রের এসপি।
শাড়ি টেনে অশ্লীল আচরণ, ধর্ষণে বাধা দেওয়ায় মহিলাকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা








