নজরবন্দি ব্যুরো: লর্ডসে সৌরভের দাদাগিরি! আজকের দিনেই অভিষেক ম্যাচে শতরান করেন মহারাজ। লর্ডস যে তাঁর প্রিয় মাঠ একথা বলেছেন অগুনতি বার। আর, আজ থেকে ২৭ বছর আগে ১৯৯৬ সালে লর্ডসের সবুজ গালিচায় অভিষেক হয়েছিল এক বঙ্গ সন্তানের। নাম সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই ম্যাচের তৃতীয় দিন, অর্থাৎ ২২ জুন দাপুটে ব্রিটিশ বোলারদের অবলীলায় খেলে শতরান করেছিলেন সরু গোঁফ রাখা বছর চব্বিশের এক তরুণ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেই অবিস্মরণীয় ইনিংসের কথা কোনো বাঙালির পক্ষেই বোধহয় ভোলা সম্ভব নয়। তাই আজ একটু স্মৃতিচারণ…
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজ সফরে কে হবেন দলের অধিনায়ক? বড় আপডেট দিলেন বোর্ড কর্তা
১৯৯৬ সালের ২০ জুন লর্ডসে শুরু হয়েছিল ভারত বনাম ইংল্যান্ড টেস্ট ম্যাচ। প্রথমবারের জন্য ভারতীয় টুপি পড়ে মাঠে নেমেছিলেন সৌরভ। তখন ভারতীয় দলের অধিনায়ক ছিলেন মহম্মদ আজাহারউদ্দিন। উল্টোদিকে, ইংল্যান্ড বেশ শক্তিশালী দল। কে নেই সেই দলে? নাসির হোসেন, ডমিনিক কর্ক, ক্রিস লুইস, মাইকেল আথারটন, অ্যালেক স্টেয়ার্ট সহ এক ঝাঁক প্রতিভাবান খেলোয়াড়। অন্যদিকে, ভারতীয় ক্রিকেটের তখন অন্ধকার যুগ। দুর্নীতির অভিযোগে দিশেহারা একটা দল। তিনটি টেস্ট ম্যাচের সেই সিরিজ ১-০ ব্যবধানে জিতেও যায় ইংল্যান্ড। কিন্তু সেই সিরিজ থেকে আমাদের প্রাপ্য হয় ভবিষ্যতের দুই কিংবদন্তির। একজন সৌরভ, আর একজন রাহুল দ্রাবিড়। সৌরভের পাশাপাশি তিনিও করেন মহামূল্যবান ৯৫ রান।

লর্ডস সৌরভের জন্য বরাবর খুব সুখের স্মৃতিকেই উস্কে দেয়। ১৯৯৬ সালে অভিষেকে শতরান আর তারপর ২০০২ সালে অধিনায়ক হিসেবে ঐতিহাসিক ন্যাটওয়েস্ট সিরিজ জয়। সাংবাদিকদের প্রশ্নে অনেক সময়ই দুটোর মধ্যে একটাকে বেছে নিতে হলে অস্বস্তিতে পড়েন তিনি। অভিষেক ম্যাচে ৩০১ বলে ১৩১ রান করেন সৌরভ। ইনিংস সাজানো ছিল ২০টি চারে। তখন টেস্ট খেলায় এখনের মতো ছয় মারার প্রচলন ছিল না। সেই ম্যাচের ৮৪ ওভারে নতুন বল নেয় ইংল্যান্ড। ডমিনিক কর্কের বলে কভার ড্রাইভে চার মেরে শতরানের গন্ডি পেরোন কলকাতার মহারাজ। উন্মাদনার স্রোতে ভেসে যায় বাংলা তথা গোটা ভারতবর্ষ। দশম ভারতীয় ব্যাটার হিসেবে অভিষেকেই শতরানের তালিকায় নাম লেখান সৌরভ।

সৌরভের বাবা চন্ডী গঙ্গোপাধ্যায় তখন বেঁচে। মা নিরূপা গঙ্গোপাধ্যায় কোনো দিনও ছেলের ম্যাচ থাকলে দেখতেন না। উপাসনা ঘরেই তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেতেন। এমনিতেই বাড়িতে পুজার্চনার চল ছিল বেশী। সৌরভ হলেন তায় ব্রাক্ষণ পুত্র! ন্যাটওয়েস্টেও যখন জামা খুললেন দেখা গেল একাধিক মাদুলি পেন্ডুলামের মতো ঝুলছে গলায়। তবে, সেদিন বোধহয় মায়ের প্রার্থনা শুনেছিলেন ইশ্বর। থাক সে কথা। এটা অন্য প্রসঙ্গ।
অন্যদিকে, ডোনা তখনও বাড়ির পাশের মেয়ে। প্রেম করছেন সৌরভের সঙ্গে একথা সত্যি। কিন্তু বিয়ে হয়নি। সেও হবে পরের বছর। সেদিনের ইনিংসটা অবশ্যই দেখেছিলেন ডোনা। তারপর আর ভাবতে হয়নি কাউকেই। পরিবার সহ গোটা ভারতবর্ষ সেদিন বুঝে গিয়েছিল সরু গোঁফের এই বাঙালি ছেলে একদিন শাসন করবে গোটা বিশ্বে। আর হয়েছেও তাই। পরের ইতিহাস তো কমবেশী সকলেরই জানা। ২২ জুনের পর টেস্টে আরও পনেরোটি শতরান করবেন মহারাজ। কিন্তু প্রথম সেই শতরানের মাহাত্ম্যই আলাদা। সৌরভ গঙ্গোপাধ্যায় শুধু একটা নাম নয়, আপামর বাঙালির একটা আবেগ, একটা জেদ!
লর্ডসে সৌরভের দাদাগিরি! আজকের দিনেই অভিষেক ম্যাচে শতরান করেন মহারাজ




