সামনেই লোকসভা নির্বাচন। রাজনৈতিক দলগুলি কোমর বেঁধে নেমে পড়েছে। বাংলাও তার ব্যতিক্রম নয়। শাসক দল তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগিয়ে চলেছে। ভোটে কাকে প্রার্থী করা হবে তা নিয়েই ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে বলে খবর। এরইমধ্যে ব্যারাকপুরে তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর (Director-MLA Raj Chakraborty) নামে পোস্টার পড়তেই শুরু হয়েছে জল্পনা। আসন্ন লোকসভায় কি রাজ চক্রবর্তীকে প্রার্থী করা হবে? উঠছে প্রশ্ন।



আরও পড়ুন: সন্দেশখালিকাণ্ডে মুখ্যসচিব ও ডিজিপি-কে নোটিস জাতীয় তফসিলি কমিশনের, ডেডলাইন ৩ দিনের!
আজ, ২১ ফেব্রুয়ারি (21 February) পরিচালক তথা ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) জন্মদিন। তারকা বিধায়ককে শুভেচ্ছা জানাতে এলাকার বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়া হয়েছে। সেখানে লেখা, ‘এবার ব্যারাকপুরে জনতার রাজ।’ পোস্টারে তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছবিও রয়েছে। ব্যারাকপুর ছাড়াও ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়া হয়েছে। এনিয়ে বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী বলেন, ‘রাজ চক্রবর্তী একজন তারকা এবং তাঁর প্রচুর ফ্যান ফলোয়িং রয়েছে, তাঁরা পছন্দের সেলিব্রিটির জন্য পোস্টার দিতেই পারে।’



তৃণমূল (TMC) ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে (2019 Loksabha Election) ব্যারাকপুর থেকেই প্রার্থী হয়েছিলেন অর্জুন সিং। দলবদল করলেও নিজের গড়ে জয়লাভ করা খুব একটা কঠিন ছিল না। ২০২২ সালে বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে ঘর ওয়াপসি করেন তিনি। চলতি মাসেই সংসদের বাজেট অধিবেশন থেকে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অর্জুন সিং। আসন্ন নির্বাচনে টিকিট পাবেন কিনা এই প্রশ্ন করা হলে স্পষ্ট উত্তর দেননি অর্জুন সিং (Arjun Singh)। বলেন, সবটাই নির্ভর করছে দিদির কাছে। তাঁকে প্রশ্ন করা হয়, এবারে যদি আপনাকে টিকিট না দেওয়া হয়? এর উত্তরে খানিক হেসে অর্জুন সিং পাল্টা প্রশ্ন করেছিলেন, আমাকে কেন টিকিট দেবে না। ভোটের টিকিট নিয়ে জল্পনা বজায় রাখলেও টিকিট যে পাবেন এই বিষয় সাংসদ এক প্রকার নিশ্চিত বলেই মনে করছিল ওয়াকিবহাল মহল।
লোকসভায় ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী? তারকা-বিধায়কের নামে পোস্টার ঘিরে জল্পনা তুঙ্গে

রাজ চক্রবর্তীর নামে পোস্টার পড়তেই জল্পনা শুরু হয়েছে আসন্ন লোকসভা নির্বাচনে তাঁকেই প্রার্থী করতে পারে তৃণমূল। সম্প্রতি ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতিতে বিতর্ক সৃষ্টি হয়েছিল। ভাটপাড়ায় তৃণমূল কর্মী ভিকি যাদব খুনের ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম ও অর্জুন সিংয়ের মধ্যে তরজা শুরু হয়েছিল। প্রকাশ্যে দেখা গিয়েছিল গোষ্ঠীদ্বন্দ্ব। কিছুটা অস্বস্তিতে পড়তে হয়েছিল তৃণমূলকে। শেষ পর্যন্ত শাসক দল কাকে টিকিট দেয় তা এখন সময়ের অপেক্ষা।







