নজরবন্দি ব্যুরোঃ সংসদে হোক বা রাজনৈতিক মঞ্চে, বিজেপির বিরুদ্ধে সবসময়ই সুর চড়িয়েছেন মহুয়া মৈত্র। এছাড়াও ভাল ও তথ্যনিষ্ঠ বক্তব্য রাখার জন্য যথেষ্টই খ্যাতি রয়েছে প্রাক্তন এই ইনভেস্টমেন্ট ব্যাঙ্কারের। রাজনীতিতে বিজেপির কঠোর সমালোচক হিসেবেই পরিচিত মহুয়া মৈত্র। কিন্তু ইদানিং দলের সাথে সম্পর্ক তেমন ভাল যাচ্ছেনা কৃষ্ণনগরের বিজেপি সাংসদের। সম্প্রতি দলের সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের কাছ থেকে বকুনিও জুটেছে।
আরও পড়ুনঃ কৃষক ইস্যুতে মমতার ওপর চাপ, সিঙ্গুরে ধর্নায় বসছে বিজেপি
কদিন আগেই নদিয়া জেলার প্রশাসনিক সভা থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র রোষের মুখে পড়েছিলেন তৃণমূলের এই সাংসদ। এই পরিস্থিতিতে আচমকাই তাঁর দলবদলের গুঞ্জন উঠল রাজনীতির অলিন্দে। সেই গুঞ্জন তুললেন বাঁকুড়া বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর দাবি, মহুয়া আর বেশিদিন তৃণমূলে থাকতে পারবেন না, কিছুদিনের মধ্যেই মহুয়া বিজেপিতে যোগ দেবেন। মূলত মহুয়াকে মমতার তিরস্কারের ঘটনাতেই ঘৃতাহুতি দেওয়ার চেষ্টা করেছেন সৌমিত্র।
সৌমিত্রর দাবি, তৃণমূল যেমন ভাবে অর্পিতা ঘোষের সাংসদ পদ কেড়ে নিয়েছে তেমন ভাবেই মহুয়াকেও দল ২০২৪ লোকসভা নির্বাচনে আর টিকিট দেবেনা। সৌমিত্রর কথায়, “মহুয়ার পক্ষে আর বেশিদিন তৃণমূলে থাকা সম্ভব নয়। কারণ দুবছর পড়ে তিনি আর ভোটে লড়ার টিকিট পাবেন না।” তাঁর কটাক্ষ, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূলে আর কারও পদ চিরস্থায়ী নয়। বাকিদের নাকি কোন গুরুত্বই নেই।
‘২৪ লোকসভায় টিকিট দেবেনা তৃণমূল, বিজেপি ঠিকানা হবে মহুয়ার!!!

বাঁকুড়া বিষ্ণুপুরের বিজেপি সাংসদের দাবি, আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল মহুয়া মৈত্রকে টিকিট দেবে না। তিনি বলেন, “মহুয়া ভাল কথা বলেন। তাঁকে বিজেপিতে যোগ দিতেই হবে। আমরা সেই দিনটার জন্য অপেক্ষা করছি।” আগামী দিনে মহুয়া তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার মত সিদ্ধান্ত নেন কিনা তার উত্তর দেবে সময়। কিন্তু গত কয়েক বছর ধরে দলবদলের যে খেলা দেখছে বঙ্গবাসী তাতে তৃণমূল থেকে বিজেপি বা বিজেপি থেকে তৃণমূলে নেতা নেত্রীদের আসা যাওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করার মত আর কিছুই নেই।



