লোকসভা ভোটের আগে জেলাভিত্তিক সভা করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা নিয়ে কালীঘাটে বৈঠক ডেকেছিলেন তিনি। সাংসদ, বিধায়ক থেকে শুরু করে নেতাদের ডেকে পাঠানো হয়েছিল। সেই থেকেই প্রশ্ন শুরু হয়েছিল, তারকা-সাংসদ দেবকে (Actor-MP Dev) কী দেখা যাবে এই বৈঠকে? কারণ কয়েকদিন ধরেই তাঁর ভোটে প্রার্থী না হওয়া, রাজনীতি ছাড়ার নানা জল্পনা চলছে। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই কালীঘাটে উপস্থিত ছিলেন তিনি। দেবকে নিয়ে কিছু ভালো কথাও বলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: একে কুয়াশা, দোসর হাড় কাঁপানো ঠাণ্ডা, হাওয়া বদলের বড় ইঙ্গিত
জানা গিয়েছে, গতকালের বৈঠকে দেবকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছেন, ‘দেব আমাদের দলের সম্পদ। ও শিল্পী মানুষ। কয়েকজন নেতা আছেন যারা ওঁর সঙ্গে এমন আচরণ করছেন যাতে ওঁর অসুবিধা হবে। এমন কেন হচ্ছে?’ দেবের পাশে থেকে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য জল্পনা উস্কে দিচ্ছে অভিনেতার তৃতীয়বার ঘাটালের প্রার্থী হওয়ার। সূত্রে খবর, দেব নিজেও দলনেত্রীর কথায় রাজি হয়ে প্রার্থী হতে রাজি হয়েছেন। দেবকে গতকাল মন্তব্য রাখতে বললে তিনি খালি বলেন, ‘আমার কিছু বলার নেই। দল যা নির্দেশ দেবে তা পালন করব।’ বুধবার বৈঠক শেষে দলের এক নেতা বলেন, ‘দেব প্রার্থী হলে আমাদের সুবিধা হবে। দেব একজন জনপ্রিয় নায়ক, এছাড়া দুবারের সাংসদ।’ দলের অন্দর থেকে শোনা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চান দেবকে ফের একবার ঘাটাল থেকে প্রার্থী করতে। আরও জানা যায়, গতকাল দেবের সঙ্গে নিজের বাড়ির অফিসে আলাদাভাবে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

২০১৪ সালে টলিউড অভিনেতা দেব (Tollywood Actor Dev) ওরফে দীপক অধিকারীকে ঘাটাল লোকসভা কেন্দ্রের (Ghatal Loksabha) প্রার্থী করে চমক দেব মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রথমবারেই বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। ২০১৯ এও এই কেন্দ্র থেকে জিতে সাংসদ হন তিনি। সম্প্রতি দেব এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘নিজের সংসদীয় এলাকার জন্য যথেষ্ট কাজ করতে পারেননি।’ তাঁর মতে, ‘একজন পূর্ণ সময়ের সাংসদ হলে তিনি আরও ভালো কাজ করতে পারবেন।’ তবে তিনি প্রার্থী হতে চাইছেন না নাকি রাজনীতি থেকেই নিজেকে সরিয়ে ফেলতে চাইছেন তা ধোঁয়াশা রয়ে গিয়েছিল।
রাজনীতি ছাড়ার জল্পনার মাঝেই আলাদা বৈঠক দেব-মমতার, ফের প্রার্থী হচ্ছেন অভিনেতা?

উল্লেখ্য, ওয়াকিবহাল মহল মনে করছে, ঘাটালে তৃণমূলের (TMC) লড়াই সহজ হবে না। বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ঘাটাল লোকসভা কেন্দ্রের দায়িত্ব নিয়েছেন। চারটি আসনের টার্গেট রেখে ময়দানে নামছে গেরুয়া শিবির। এদিকে কোনও বড় ঘটনা না ঘটলে ২০২৪-এও ঘাটালে তৃণমূলের প্রার্থী হিসেবে দেবকেই দেখা যাবে বলে মনে করা হচ্ছে।



