শনিবার ঘোষিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে জায়গা হয়নি শুভমন গিল-এর। টেস্ট ও ওয়ানডে দলে নেতৃত্ব দেওয়া ব্যাটারের নাম না থাকায় স্বাভাবিকভাবেই শুরু হয়েছে আলোচনা। দল ঘোষণার পরেই প্রধান নির্বাচক অজিত আগরকর এবং অধিনায়ক সূর্যকুমার যাদব বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন এই সিদ্ধান্তের কারণ।
আগরকর স্পষ্ট জানিয়ে দেন, গিলের প্রতিভা বা ভবিষ্যৎ নিয়ে কোনও প্রশ্ন নেই। কিন্তু বিশ্বকাপের জন্য ১৫ জনের স্কোয়াড তৈরি করতে গিয়ে দলের ভারসাম্যই ছিল প্রথম শর্ত। তাঁর কথায়, “আমরা জানি শুভমন কতটা ভালো ক্রিকেটার। কিন্তু দলের কম্বিনেশনই আগে। ১৫ জন বাছতে গেলে কাউকে তো বাদ দিতেই হয়। এই মুহূর্তে সেই সিদ্ধান্ত গিলকে নিয়েই নিতে হয়েছে।”


টপ অর্ডারে উইকেটকিপারই মূল কারণ
নির্বাচকদের যুক্তি অনুযায়ী, টপ অর্ডারে একজন উইকেটকিপার ব্যাটারের প্রয়োজন ছিল। সেই জায়গাতেই গিলের বদলে দলে নেওয়া হয়েছে ঈশান কিশন-কে। আগরকর বলেন, “আমাদের কাছে জিতেশ শর্মা আছে, সে খারাপ খেলেনি। কিন্তু টপ অর্ডারে একজন কিপার দরকার ছিল। ঈশান ওপেন করতে পারে, আবার তিন নম্বরেও নামতে পারে—এই নমনীয়তাটাই আমাদের দরকার ছিল।”

অধিনায়কের সুরেও একই কথা
সূর্যকুমার যাদবও একই যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, “শ্রীলঙ্কা সফরে আমরা ২০০-র বেশি রান করেছিলাম, সেই দলে গিল ছিল। কিন্তু এই বিশ্বকাপের জন্য টপ অর্ডারে একজন উইকেটকিপার রাখাই অগ্রাধিকার। নিচে রিঙ্কু সিং ও ওয়াশিংটন সুন্দর আছে, তাই ওপরে ঈশানকে দরকার ছিল। গিলের ফর্ম নিয়ে আমাদের কোনও উদ্বেগ নেই।”


নিজের ফর্ম নিয়েও আত্মবিশ্বাসী সূর্য
চলতি বছরে টি-টোয়েন্টিতে অর্ধশতরান না পেলেও নিজের ফর্ম নিয়ে চিন্তিত নন সূর্যকুমার। তাঁর কথায়, “আমি জানি কী করতে হবে। অতীতেও অনেক ক্রিকেটার খারাপ সময় কাটিয়ে ফিরেছে। আমিও ফিরব।”
ঘরের মাঠে বিশ্বকাপ খেলার চাপ স্বীকার করলেও তিনি জানান, এই দায়িত্ব উপভোগ করতে চান। “ভারসাম্যযুক্ত দল পেয়েছি। সব পজিশনে বিকল্প আছে। ইতিমধ্যেই ২–৩টি কম্বিনেশন মাথায় তৈরি হয়ে গেছে,” বলেন তিনি।
স্কোয়াডে চমক ও বাদ পড়ারা
এই বিশ্বকাপ দলে বড় চমক—গিলের বাদ পড়া এবং ঈশান কিশনের অন্তর্ভুক্তি। দলে জায়গা হয়নি মহম্মদ সিরাজ, মহম্মদ শামি ও ঋষভ পন্থ-এরও। বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে, তাই চার জন নিয়মিত স্পিনার ও একাধিক স্পিন অলরাউন্ডার রাখা হয়েছে।
এই দলই জানুয়ারিতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর পটেল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, শিবম দুবে, হার্দিক পাণ্ড্য, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, ঈশান কিশন, হর্ষিত রানা।







