Dhupguri By Election: ‘ঈশ্বর’ ভরসায় CPIM, পুলওয়ামা ‘হাতিয়ার’ BJP-র, TMC-র তুরুপ ‘প্রফেসর’, এবার কোন পক্ষে ধূপগুড়ি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এক প্রহর বাকি। তারপর ‘আবার’ নিজেদের বিধানসভার দায়িত্ব কাকে দেওয়া যায় সেই ভেবে রায় দেবেন ধূপগুড়ির প্রায় দু’লক্ষ ষাট হাজার ‘শ্রোতাবন্ধুগণ’। ‘আবার’ কেন? ওয়াকিবহালরা অবশ্যই জানেন, বিধানসভা ভোট একুশে হয়ে গ্যাছে। সেখানে ধূপগুড়ি জিতেছিল বিজেপি। বিজেপির বিষ্ণুপদ রায়। তিনি মারা যাওয়াতেই তথাকথিত বা প্রয়োজনীয় উপনির্বাচনের প্রয়োজন। মূল লড়াইয়ে তিন জন। জেতাটা গুরুত্বপূর্ণ প্রত্যেকের। অন্তত দলের স্বার্থে। এবারের ধূপগুড়ি আসন কার জানা যাবে শুক্রতে। তার আগে পরিস্থিতি নিয়ে দু’চার কথা…

আরও পড়ুনঃ বিক্রম প্রজ্ঞান ঘুমিয়ে পড়লে নাসার দেওয়া ‘উপহার’ কাজে আসবে ইসরোর! জানেন ব্যাপারটা কী?

ধূপগুড়ির দূরত্ব কলকাতা থেকে সাড়ে ছ’শো কিলোমিটার। যেতে লাগে তাও ষোলো ঘন্টা গাড়িতে। উত্তরের জায়গা। জঙ্গল পাশ্ববর্তী এলাকা। সেইখানে নির্বাচন। নির্বাচনের দিনও বন্যপ্রাণীরা বুথ দখল করতে পারেন বলেও আশঙ্কা থেকে যাচ্ছে। মূলত রাজবংশী অধ্যুষিত ধূপগুড়ি সিপিআইএম শাসিত ছিল ষোলো সাল পর্যন্ত! মানে, এগারোর ‘মমতা হাওয়া’র প্রভাব অত উত্তরে টের পাওয়া যায়নি। ক্ষমতায় এসে ধূপগুড়ির রঙ বদলাতে তৃণমূল সময় নেয়নি। মিতালি রায়কে প্রার্থী করে ধূপগুড়ি জিতে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মিতালি কিন্তু এবারের নির্বাচনেও প্রাসঙ্গিক হয়ে উঠলেন মাত্র দু’দিন আগে দল পরিবর্তন করে। মিতালি এখন বিজেপির।

এবার কোন পক্ষে ধূপগুড়ি?
ধূপগুড়ির রায় কোন পক্ষে?

যে মিতালি রায় কমিউনিস্টকে সরিয়ে মা-মাটি-মানুষকে ক্ষমতাইয় আনলেন তিনি কিন্তু একুশের ভোটে হারলেন বিজেপির কাছে। কারণ মেদিনীপুর থেকে উত্তরের দিকে বিজেপি চওড়া হচ্ছিল আগে থেকেই। উনিশের লোকসভায় জলপাইগুড়ি থেকে জিতে যান জয়ন্ত কুমার রায়। নীচের দিকে ছিলেন বালুরঘাটের সুকান্ত মজুমদার। ফলে দুই নেতার তত্ত্বাবধানে ধূপগুড়িতে বিজেপি নিজেদের কায়েম অর্জন করে। মিতালি একুশের ভোটে হারলেও হেরেছিলেন মাত্র ৪,৩৫৫ ভোটে। বিজেপির চেয়ে তৃণমূল কম পেয়েছিল মাত্র ১.৯০ শতাংশ। এই দুশ্চিন্তা বিজেপির যতটুকু ছিল তা কেটে গেল মিতালির যোগদানেই। অর্থাৎ মিতালির জনপ্রিয়তা একেবারে কমে গেছিল না। ধূপগুড়িতে তাই স্বাভাবিকভাবেই এগিয়ে প্রধানমন্ত্রীর দল।

‘উপ’ ভোট মানে এখন এক নতুন উত্তেজনা। ভরপুর রাজনৈতিক লড়াই। আর হবে নাই বা কেন! ভোটের আমেজ তো পশ্চিমবঙ্গ থেকে যায় না। একে একে একে ভোট হয়েই চলে! যে মিতালি রায় একুশের ভোটে হেরেছিলেন সেবার মিতালি ছাড়াও ধুপগুড়ি থেকে তৃণমূলের টিকিট পেতে চেয়েছিলেন আরেক জন। তিনি নির্মল রায়। আগে না দিলেও এবার কথা রেখেছে তৃণমূল। পেশায় অধ্যাপক নির্মল লেখালেখির কাজের সঙ্গেও যুক্ত। মাগুরমারিতে বাড়ি। দার্জিলিং কলেজে কিছুদিন অধ্যাপনা করেছেন। এই মুহূর্তে রয়েছেন ধুপগুড়ি গার্লস কলেজে। রাজবংশী সংস্কৃতির সঙ্গে, রাজবংশী মানুষের সঙ্গে নির্মলের বেশ নিবিড় যোগাযোগ। ছাত্র জীবনে নির্মল রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। প্রথমে কংগ্রেস এবং তারপর ধীরে ধীরে তৃণমূল কংগ্রেস।

এবার কোন পক্ষে ধূপগুড়ি?

‘ঈশ্বর’ ভরসায় CPIM, পুলওয়ামা ‘হাতিয়ার’ BJP-র, TMC-র তুরুপ ‘প্রফেসর’, এবার কোন পক্ষে ধূপগুড়ি?

ধূপগুড়ি আসন যাদের ছিল, সেই বিজেপি তাদের প্রার্থী কিন্তু এক বড় চমক। পুলওয়ামাকাণ্ডে শহীদ জগন্নাথ রায়ের সহধর্মিনী তাপসী রায়। দেশমাতৃকার প্রতি জীবন দেওয়া এলাকারই এক জওয়ানের প্রতি মানুষের আবেগ কাজ করেই। তাছাড়া ধূপগুড়ি কেন্দ্র হাতছাড়া হোক, তা একেবারেই চায় না রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ববৃন্দ। তাই গোটা অঞ্চল জুড়ে দফায় দফায় প্রচার করেছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এখন, মিতালি রায়ের ভোট বিজেপির সঙ্গে যুক্ত হয়ে থাকলে গেরুয়া শিবির ব্যাপক ব্যাবধানে ধূপগুড়ি জিততে চলেছে।
একুশের বিধানসভা থেকেই অলিখিতভাবে চলে আসছে সিপিএম কংগ্রেস গাঁটবন্ধন। ধূপগুড়িতেও তাই কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী হয়েছেন ঈশ্বরচন্দ্র রায়। তিনি দীর্ঘদিনের কমরেড। ৪২ বছর ধরে লাল রাজনীতিকে দেখছেন কাছ থেকে। পেশায় শিক্ষক। গান বাজনার প্রতি ভীষণ ঝোঁক। রাজ্য সভাপতি মোঃ সেলিম থেকে শুরু করে নেতা সুজন চক্রবর্তী ধুপগুড়িতে গ্যাছেন। বর্তমান পরিস্থিতিকে তুলে ধরেছেন। বক্তব্য করেছেন সভায়। জনপথে হেঁটেছেন। কিন্তু, একুশের নির্বাচনে বামেদের জামানত বাজেয়াপ্ত হয়েছিল। সংখ্যালঘু কেন্দ্র হওয়া সত্ত্বেও।
এবার কোন পক্ষে ধূপগুড়ি?
এবার কোন পক্ষে ধূপগুড়ি?
সকাল থেকেই নিয়মমাফিক ভাবে শুরু হয়ে যাবে ভোটগ্রহণ। মোতাইয়েন থাকবে বন্দুকধারী কেন্দ্রীয় বাহিনী। উপনির্বাচনের অঙ্কে, বারবার সাগরদিঘির কথা আসছে। সাম্প্রতিক সময়ের এক অবিশ্বাস্য উদাহরণ। রায় প্রথমে তৃণমূলের পক্ষে না এলেও পরে আসন চলে আসে। তাই ধূপগুড়ি উপনির্বাচনেও অনেক রকম অঙ্ক কাজ করছে।
শাসক শিবির যদিও মিতালি রায়কে গুরুত্ব দিতে চাইছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ারই তাদের বড় অস্ত্র। সরকার থেকে প্রতিশ্রুতি দিলে মানুষ তা সহজে বিশ্বাস করে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়ির একাংশের যে দীর্ঘদিনের দাবি, অর্থাৎ ধুপগুড়িতে আলাদা মহকুমা ঘোষণা করা হোক, সেই দাবি জিতে গেলে মান্যতা দেবেন এরকম কথাও দিয়ে এসেছেন। তাই আবারও তৃণমূল বনাম বিজেপি, এটাই মূল সংঘাত। বামেরা নিজেদের দীর্ঘদিনের পুরোনো আসন ফিরে পেলে এক জবরদস্ত প্রত্যাবর্তন হবেই।
এবার কোন পক্ষে ধূপগুড়ি?
এবার কোন পক্ষে ধূপগুড়ি?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন