আবারও বদলে গেল আল্লু আর্জুন অভিনীত ‘পুষ্পা ২’ সিনেমার মুক্তির তারিখ। তবে এবার পেছায়নি বরং ঘোষণার এক দিন আগে আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত সিনেমাটি। ২০২১ সালে করোনা মহামারির শেষ সময়ে ভারতের বক্স অফিসে তোলপাড় তোলে ‘পুষ্পা: দ্য রাইজ’। সিনেমাটি বিশ্বজুড়ে ৩৭০ কোটি রুপির বেশি ব্যবসা করে। প্রথমে পুষ্পা ২ সিনেমাটি গত ১৫ই আগস্ট মুক্তির দিন স্থির হয়েছিল।
কিন্তু সেই সময়ের মধ্যে শুটিং এবং ছবির অন্যান্য কাজ সম্পূর্ণ করা যায়নি। তাই সেই তারিখ পিছিয়ে দেওয়া হয়েছিল। এরপর সেই দিন স্থির হয় আগামী ৬ ডিসেম্বর। কিন্তু এবার দর্শকদের সারপ্রাইজ দিলেন নায়ক আল্লু আর্জুন। তিনি জানিয়ে দিলেন তার পরবর্তী ছবি পুষ্পা ২ এর মুক্তির দিন। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় আল্লু আর্জুন জানান, ৬ ডিসেম্বর নয় ছবি মুক্তি পেতে চলেছে ৫ ডিসেম্বর।


এই খবরে স্বাভাবিকভাবেই খুশি অনুরাগীরা। আসলে পুষ্পা ছবি প্রথম পর্বে গোটা পৃথিবীজুড়ে রেকর্ড পরিমাণ ব্যবসা করেছিল। তাই পুষ্পা ২ নিয়ে দর্শকদের মধ্যে ছবি দেখার কৌতূহলের অভাব ছিল না। ইতিমধ্যে ‘পুষ্পা ২’ ছবির টিজার থেকে ট্রেলার মানুষের ছবির প্রতি আগ্রহ বাড়িয়েছে বহুগুনে। এখন দেখার কত কোটির ব্যবসা করেন আল্লু। উল্লেখ্য, সিনেমা মুক্তির আগেই বড় অঙ্কের আয় করেছে পুষ্পা ২।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, মুক্তির আগেই ১ হাজার কোটি টাকা ঘরে তুলেছে সিনেমাটি। এই অর্থ এসেছে মূলত বিভিন্ন স্বত্ব বিক্রি করে। ৬৬০ কোটি টাকাতে বিক্রি হয়েছে প্রদর্শনের স্বত্ব। এর মধ্যে তেলুগু ভাষার স্বত্ব বিক্রি করা হয়েছে ২২০ কোটি টাকাতে। হিন্দি সংস্করণের স্বত্ব বিক্রি করা হয়েছে ২০০ কোটি টাকাতে আর তামিল ভাষার জন্য ৫০ কোটি টাকা। আন্তর্জাতিক পরিবেশনার স্বত্ব বিক্রি করা হয়েছে ১৪০ কোটি টাকা তে।







