নজরবন্দি ব্যুরো: ‘ঘুষ নিয়ে প্রশ্ন’ করার অভিযোগে খারিজ হয়েছে মহুয়া মৈত্র সাংসদ পদ। ৪৯৫ পাতার রিপোর্ট পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এথিক্স কমিটির সুপারিশেই সিলমোহর দিয়েছেন তিনি। মহুয়ার এই বহিষ্কারকে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তাল রাজনৈতিক মহল। ‘ইন্ডিয়া’ জোটের নেতারা প্রত্যেকেই জানিয়েছেন প্রতিবাদ। কিন্তু, এখন প্রশ্ন হল, মহুয়া মৈত্রর পরবর্তী পদক্ষেপ কী হতে পারে? তিনি কি ফিরে পাবেন সাংসদ পদ? ভারতীয় সংবিধানের নিয়ম কী বলছে? আসুন জেনে নেওয়া যাক…
আরও পড়ুন: রাজ্যজুড়ে কৃষক আন্দোলনের ডাক দিল BJP, মমতা সরকারের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা পদ্ম শিবিরের


মহুয়ার ভবিষ্যত কী হতে পারে তা অনেকটাই খোলসা করেছেন লোকসভার প্রাক্তন সচিব পিডিটি আচারি। তিনি জানিয়েছেন, তৃণমূল সাংসদের সামনে অনেকগুলো রাস্তাই খোলা থাকছে। এক, তিনি এথিক্স কমিটির তদন্তের অগ্রাধিকার নিয়ে প্রশ্ন তুলতে পারেন। প্রাথমিক রিপোর্টকে চ্যালেঞ্জ জানিয়ে প্রিভিলেজ কমিটির দ্বারস্থ হতে পারেন মহুয়া। দুই, সুপ্রিম কোর্টে যাওয়ার রাস্তা তো আছেই। কিন্তু আরেকটা প্রশ্ন আসছে মহুয়া কি আবারও লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন?

ভারতীয় সংবিধানের নিয়ম অনুযায়ী, সাংসদ পদ খারিজ হওয়া মানেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার হারানো নয়। একমাত্র ফৌজদারি মামলায় কোনও ব্যক্তি দোষী হলে এবং তাঁর ২ বছরের জন্য কারাবাসের শাস্তি ধার্য হলেই সেই ব্যক্তি ভোটে লড়তে পারেন না। মহুয়ার ক্ষেত্রে তা হয়নি। তাই তিনি আগামী লোকসভায় প্রার্থী হতেই পারবেন। সেক্ষেত্রে কোনও বাধা নেই।



সাংসদ পদ তো হারালেন, এবার মহুয়ার রাজনৈতিক ভবিষ্যত কোন পথে?

তবে, হ্যাঁ, এই যে মহুয়ার সাংসদ পদ খারিজ হল আর এই সিদ্ধান্ত যেহেতু নিয়েছেন খোদ লোকসভার স্পিকার তাই এই মুহূর্তে হাউসের কার্যধারাকে চ্যালেঞ্জ করে সিদ্ধান্তকে বদলানো সম্ভব নয়। আগামী লোকসভাও আসন্ন। ফলে উপনির্বাচনের কোনও প্রশ্ন নেই। আগামী লোকসভাতে যে মহুয়া লড়বেন তা শুক্রবারই তিনি স্পষ্ট করে দিয়েছেন। সংসদের ভিতরে ও বাইরে আগামী ৩০ বছর ধরে লড়াইয়ের শপথ নিয়ে মহুয়া বলেছিলেন, “আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। এর শেষ দেখে ছাড়ব আমরা।”







