নজরবন্দি ব্যুরো: একটানা বৃষ্টিতে নাজেহাল বঙ্গবাসী। আবহাওয়ার খামখেয়ালী আচরণে পুজোর আগেই মাথায় হাত পড়েছে কলকাতাবাসীর। কখন রোদ, কখন ঝমঝমিয়ে বৃষ্টি! কখন ভ্যাঁপসা গরম, আবার কখন মেঘলা আকাশ! সব মিলিয়ে চিন্তার ভাজ পড়েছে ক্রেতাদের। বৃষ্টির কারণে পুজোর আগে সেইরকম ভাবে বিক্রি নেই বলেই জানিয়েছেন অনেকেই। বৃষ্টির কারণে এখনও অনেকেই পুজোর শপিংয়ে যেতে পারছেন না। সকলের এখন একটাই প্রশ্ন, কবে থেকে কমবে এই বৃষ্টির দাপট?
আরও পড়ুন: পুজোর সময়েই বিশ্বকাপ, কলকাতায় জনস্রোতের সম্ভাবনা, কোন মণ্ডপে কত ভিড়? জানাবে ডিসপ্লে বোর্ড


অন্যদিকে, একরাতের টানা বৃষ্টি শেষে হড়পা বানে তছনছ হয়ে গিয়েছে সিকিম। বড় বিপর্যয়ের সাক্ষী হয়েছে উত্তরবঙ্গ। এখনও প্রচুর মানুষ রয়েছেন ত্রাণ শিবিরে। প্রতিদিনই উদ্ধার হচ্ছে দেহ। বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালানো হচ্ছে সিকিমে। এই মুহূর্তে পাহাড়ের পরিস্থিতি সামান্য নিয়ন্ত্রণে আছে বলেই জানা যাচ্ছে।

কিন্তু এবার পুজোর মুখে খানিকটা হলেও সুখবর শোনাল হাওয়া অফিস। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী ৪৮ ঘন্টার মধ্যেই পূর্ব ভারত থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হবে। পাশাপাশি আরও জানা যাচ্ছে, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। একইসঙ্গে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ, সেই কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।



অন্যদিকে, বৃষ্টি কমেছে উত্তরবঙ্গেও। তবে পাহাড়ের উপরের দিকে জেলাগুলিতে বৃক্ষিপ্তভাবে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা মোটের উপর একই থাকবে। সবমিলিয়ে পুজোয় কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
দুর্গাপুজোতে কতটা বদলাবে আবহাওয়া, কবে থেকে কমবে এই বৃষ্টির দাপট








