প্রায় ৩ দশকের রাজনৈতিক কেরিয়ারে এই প্রথম কোনও সাংবিধানিক পদে বসলেন রাহুল গান্ধী । দীর্ঘদিন সক্রিয় রাজনীতি করছেন রাজীব পুত্র। এর আগে দলের সভাপতিও হয়েছেন। কিন্তু কোনও সাংবিধানিক পদে কোনওদিন বসেননি। অষ্টাদশ লোকসভায় বিরোধী দলনেতা পদে বসেছেন তিনি। দীর্ঘ ১০ বছর পর আনুষ্ঠানিক ভাবে একজন বিরোধী দলনেতা পেলেন দেশের মানুষ। এর আগের দুই লোকসভা ভোটে কংগ্রেস ও অন্যকোন বিরোধী দলের কাছে এই পদের জন্য প্রয়োজনীয় ১০ শতাংশ সদস্য ছিল না।
আরও পড়ুনঃ পাঁচ মাস পর জামিন পেলেন হেমন্ত সোরেন, বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যেতে পারে ED!



এবার নির্বাচনে কংগ্রেস ৯৯ টি আসন পেয়েছে।তাই কংগ্রেস থেকেই বিরোধী দলনেতা ঠিক করা হয়েছে। আর সেই পদে মনোনয়ন করা হয়েছে রাহুল গান্ধীকে। আর এই বিরোধী দল নেতা হিসেবে কি কি সুবিধা পাবেন রাহুল গান্ধী? বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধী লোকসভায় সামনের সারিতে আসন পাবেন। ডেপুটি স্পিকারের আসনের পাশেই থাকবে তাঁর আসনটি। এছাড়া সংসদ ভবনে সচিবালয়সহ অন্যান্য সুযোগ-সুবিধা সম্বলিত একটি ঘরও পাবেন।
এছাড়াও রাহুল আরও কিছু সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে নির্বাচিত স্পিকারকে মঞ্চে নিয়ে যাওয়া এবং রাষ্ট্রপতি যখন সংসদের উভয় কক্ষে ভাষণ দেন তখন সামনের সারিতে আসন দেওয়া। বিরোধী দলনেতা ক্যাবিনেট মন্ত্রীর সমকক্ষ হিসাবে বিবেচিত হন। মন্ত্রী যা যা কেন্দ্রীয় সুবিধা পান, সবই পাবেন রাহুল গান্ধী। সংসদ ভবনের অন্দরে তাঁর একটি আলাদ অফিস থাকবে। থাকবেন নিজস্ব কর্মীও। সিবিআই ডিরেক্টর, নির্বাচন কমিশনার, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগের কমিটিতে ঢুকে যাবেন রায়বরেলির সাংসদ। অর্থাৎ গুরুত্বপূর্ণ সব কেন্দ্রীয় এজেন্সির মাথায় লোক বসানোর ক্ষেত্রে গুরুত্ব পাবে রাহুলের কথা।
বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কী কী সুবিধা ও ক্ষমতা পাবেন রাজীব পুত্র



বিরোধী দলের নেতা হওয়ার পর রাহুল গান্ধী পাবেন একটি বড়ো বাংলো। রাহুল গান্ধী বিরোধী দলনেতা হিসেবে ধারা 3A উল্লিখিত বেতন ও অন্যান্য সুযোগ -সুবিধা পাবেন। এর পাশাপাশি একজন এমপি হিসেবে একই মর্যাদা ও বেতন স্কেলে একজন সচিবের সাহায্য পাওয়ার অধিকারী হবেন। রাহুল গান্ধী একজন ব্যক্তিগত সচিব, দুজন অতিরিক্ত ব্যক্তিগত সচিব, দুই সহকারী ব্যক্তিগত সচিব, দুই ব্যক্তিগ সহকারী, একজন হিন্দি স্টেনো, একজন কেরানি, একজন ঝাড়ুদার এবং চারজন চতুর্থ শ্রেণীর কর্মী পাবেন।







