শীতের মরসুমের মাঝেই রাজ্যের আবহাওয়ায় আপাত পরিবর্তনের ইঙ্গিত মিলছে। উত্তুরে হাওয়ার জোর কমায় ঠান্ডার তীব্রতা কিছুটা নরম হয়েছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশা—বিশেষ করে পশ্চিমের জেলা ও উত্তরবঙ্গের নিম্নভাগে। এই পরিস্থিতিতে আগামী কয়েক দিনের পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
শনিবার রাজ্যজুড়ে আবহাওয়া শুষ্ক থাকবে। সপ্তাহান্তে দিনের উষ্ণতা সামান্য বাড়তে পারে, ফলে সকালের ও সন্ধ্যার ঠান্ডা তুলনায় কম অনুভূত হবে। আগামী পাঁচ দিনে জাঁকিয়ে শীত ফেরার সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে।


তবে বড়দিনের পর থেকে ছবিটা ধীরে ধীরে বদলাতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৫ ডিসেম্বরের পর তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। যদিও এটিকে তীব্র শৈত্যপ্রবাহ বলা যাবে না—সর্বনিম্ন তাপমাত্রা ১৪–১৫ ডিগ্রির আশপাশেই ঘোরাফেরা করবে।
এর মধ্যেই কুয়াশার প্রভাব বাড়ছে। শনিবার পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে। রবিবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং দুই দিনাজপুরে একই সতর্কতা থাকবে। সোমবার উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সম্ভাবনা বেশি, অন্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে।
কলকাতার ক্ষেত্রে শনিবার আকাশ মূলত পরিষ্কার থাকবে। সকালে হালকা কুয়াশা বা ধোঁয়াশা থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শহরে সকালের ও সন্ধ্যার শীত কম থাকবে, দিনের বেলায় শীতের আমেজ প্রায় অনুপস্থিত।


এ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস—স্বাভাবিকের থেকে প্রায় ১ ডিগ্রি বেশি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি, যা স্বাভাবিকের কাছাকাছি। আপেক্ষিক আর্দ্রতা ৫২ থেকে ৯২ শতাংশের মধ্যে ওঠানামা করেছে। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ১৭ থেকে ২৬ ডিগ্রির মধ্যেই থাকবে। উইকেন্ডে উষ্ণতা সামান্য বাড়লেও বড়দিনের পর ফের পারদ কিছুটা নামতে পারে।








