নজরবন্দি ব্যুরোঃ সকাল সকাল তুমুল বৃষ্টিতে (Rain) ভিজল কলকাতা। চারদিক কালো করে ঝেঁপে বৃষ্টি এল শহরজুড়ে। সকাল থেকেই কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। আকাশ মুখ ভার করে আভাস দিচ্ছে বর্ষা এসে গেছে। কাকভেজা বৃষ্টিতে ভিজল রবিবারের সকাল। আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল জাতীয় আবহাওয়া দফতর।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী পদ সুনিশ্চিত করলেন মানিক, সুদীপের জয়ে ফিরছে কংগ্রেস


২৬ থেকে ২৯ জুন গোয়া, কর্নাটক, মহারাষ্ট্র, কেরল, গুজরাতের মতো পশ্চিম উপকূলের রাজ্যগুলির পাশাপাশি পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ডেও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আষাঢ় পরতেই আকাশ যেন মুখ ভার করে বসে আছে। সকাল থেকেই শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি, চলবে দিনভর। এক নাগাড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই জেলাগুলোতে। কলকাতায় আজ রবিবারের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৭৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় ১.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর (Kolkata Weather) সূত্রের খবর ছিল, আগামী তিন-চার দিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে। বর্ষা এদিকে দুর্বল হলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির অভাব হবে না। গত কয়েকদিন ধরেই কলকাতায় বৃষ্টি হচ্ছে। কখনও ঝিরঝিরে, কখনও বা মুষলধারে বৃষ্টিতে ভিজছে শহর। রবিবার সকালেও তার অন্যথা হল না।



এদিন সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার। মাঝেমধ্যে হালকা রোদ উঠলেও ফের তা ঢাকা পড়ে যাচ্ছিল কালো মেঘের আনাগোনায়। বেলা একটু গড়াতেই দেখা গেল বৃষ্টি নেমেছে। তবে এই বৃষ্টি খুব বেশিক্ষণ স্থায়ী হবে না বলেই মনে করা হচ্ছে।
আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিন উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট খানিকটা কমবে। যে হারে লাগাতার মুষলধারে বর্ষণে কাহিল হচ্ছিল উত্তরবঙ্গ, তার তেজ কিছুটা হলেও কমবে আগামী তিন থেকে চার দিনের মধ্যে। ভারী বৃষ্টি অবশ্য চলবে কোচবিহার, আলিপুরদুয়ারে।
বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজল কলকাতা, আগামী ৫ দিন বাংলা-সহ ১০ রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা

২৭ থেকে ২৯ জুন হিমাচল প্রদেশে ও উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। মধ্যপ্রদেশের বিদর্ভ, ছত্তীসগঢ়ের কিয়দংশ-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও আগামী পাঁচ দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আবহবিদেরা জানিয়েছেন। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ভারতেও। পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে দিল্লি-সহ সংলগ্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিতে চড়া গরম থেকে স্বস্তি মিলতে পারে।







