নজরনন্দি ব্যুরোঃ কলকাতায় বৃষ্টি কবে? হাঁসফাঁস গরমে নাজেহাল হচ্ছে বঙ্গবাসী। এরই মধ্যে বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইছে। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ, সোমবার এই পরিস্থিতি থাকবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। বুধবার থেকে শুক্রবারের মধ্যে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে।
আরও পড়ুনঃ যুদ্ধের ফলে বিশ্বজুড়ে বাড়ছে খাদ্য সংকট ও গরিবি, চিন্তায় রাষ্ট্রসঙ্ঘ


আলিপুর আবহাওয়া দফতর সূত্রে আজ সোমবার, কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪১ থেকে ৪৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি কলকাতা শহরে।

কলকাতাবাসীর জন্য সুখবর। অবশেষে শহরে বৃষ্টির ইঙ্গিত মিলল আবহাওয়া দফতরের পূর্বাভাসে। জানা গিয়েছে, চলতি সপ্তাহেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাংশে ঝেঁপে বৃষ্টি নামতে পারে। সোমবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। যদিও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই রোদের তেজ বাড়বে। হাঁসফাঁস গরমে নাজেহাল হচ্ছে বঙ্গবাসী।
বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি গলদঘর্ম অবস্থা করে তুলছে। এপ্রিলের গরমেই কার্যত প্রাণ ওষ্ঠাগত সকলের। এমত অবস্থায় একফোঁটা বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষায় রাজ্যের মানুষ। আবহাওয়া দফতরের পূর্বাভাস মোতাবেক আগামী ২০ থেকে ২২ তারিখ শহরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ফলে সপ্তাহের প্রথমেই আবহাওয়া দফতরের এই পূর্বাভাসে স্বস্তি পাচ্ছে শহরবাসী।


উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলা-তে। দু’এক জায়গায় বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির সঙ্গে শিলা বৃষ্টিও হতে পারে। ৪৮ ঘণ্টা পর থেকে বৃষ্টি কিছুটা কমবে উত্তরবঙ্গে।
দক্ষিণবঙ্গে একদিকে তাপপ্রবাহ অন্যদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় এই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গের আরও কিছু জেলায়। বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
দক্ষিণবঙ্গের পশ্চিমের পাঁচ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে আরও ৪৮ থেকে ৭২ ঘণ্টা। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান এই পাঁচ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। তাপমাত্রা ৪২ ডিগ্রির কাছাকাছি থাকবে এই জেলাগুলিতে।
কলকাতায় বৃষ্টি কবে? শুধু বজ্রবিদ্যুৎ নয় শিলাবৃষ্টির সম্ভাবনা রাজ্যেজুড়ে

কোচবিহারে রবিবার সন্ধ্যায় বিধ্বংসী ঝড় ও শিলাবৃষ্টিতে মৃত্যু হল এক কিশোর সহ দু’জনের। আহত হয়েছেন অন্তত শতাধিক মানুষ। ভেঙে গিয়েছে বহু ঘর-বাড়ি। উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি থেকে বড়-বড় গাছ। সবমিলিয়ে, লন্ডভন্ড অবস্থা কোচবিহার শহর সহ কোচবিহারের ১ ও ২ ব্লকের। বিধ্বংসী ঝড়ে অধিকাংশ বাড়ির টিনের চাল উড়ে যায়, বহু কাঁচা ঘর ভেঙে পড়ে।
বড়-বড় গাছ থেকে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। ঝড়ে ঘরের উপর গাছ, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ঘর চাপা পড়ে ইতিমধ্যে দু জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়া আহত হয়েছেন শতাধিক মানুষ। যার মধ্যে অনেকেই কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Cooch Behar Medical College and Hospital) ভর্তি রয়েছেন।







