চৈত্রের শুরুতেই আচমকা আবহাওয়ার রূপ বদল—গরমের বদলে ফিরল ঠান্ডার আমেজ, সঙ্গে ঝড়-বৃষ্টির দাপট। India Meteorological Department-এর পূর্বাভাস মেনে শুক্রবার বিকেল থেকেই ভিজেছে কলকাতা-সহ গোটা বাংলা। আর সেই দুর্যোগ থামার কোনও লক্ষণ নেই—শনিবার ও রবিবার জুড়েও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি। ফলে উইকএন্ড প্ল্যানে জল ঢালতে পারে আবহাওয়া।
আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য বলছে, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত শহরে ১৪.৮ মিমি বৃষ্টিপাত হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে তাপমাত্রায়—শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৯.২ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় ৪.৪ ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রাও কমে দাঁড়িয়েছে ৩০.৯ ডিগ্রি সেলসিয়াসে।


দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট
শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হবে। পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও পশ্চিম মেদিনীপুরে ঝড়-বৃষ্টির তীব্রতা বেশি থাকবে।
ঘণ্টায় ৬০-৭০ কিমি বেগে দমকা হাওয়া, বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। অন্য জেলাগুলিতেও ৪০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা
উত্তরবঙ্গেও একই ছবি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ৭০ থেকে ১১০ মিমি পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে।


এছাড়া ৫০-৬০ কিমি বেগে দমকা হাওয়া ও শিলাবৃষ্টির সম্ভাবনা থাকায় সতর্কতা জারি করা হয়েছে।
কলকাতার আকাশ কেমন থাকবে?
উইকএন্ড জুড়ে কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। মাঝেমধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কমই থাকবে।
তবে কিছুটা স্বস্তির খবর—রবিবারের পর থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।







