আগামী ৫ দিন বৃষ্টির দাপট! উত্তরবঙ্গে অতিভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে ঝড়-বৃষ্টির হলুদ অ্যালার্ট

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী পাঁচ দিন রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের একাধিক জেলায় অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা, আর দক্ষিণবঙ্গে কলকাতাসহ বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্যজুড়ে ফের সক্রিয় হচ্ছে বর্ষা। আবহাওয়ার খবর বলছে, আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় অতিভারী বৃষ্টির আশঙ্কা থাকায় কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই পরিস্থিতির জেরেই দক্ষিণবঙ্গে জলীয় বাষ্পের প্রবাহ বেড়েছে, যার প্রভাবে আগামী কয়েকদিন ধরে বিক্ষিপ্ত থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

আজ, বৃহস্পতিবার কলকাতার আকাশ দিনভর মেঘলা থাকতে পারে। শহরের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির দাপট আরও বাড়তে পারে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতার মাত্রা বেশি থাকায় বৃষ্টির আগে অস্বস্তিকর গরমও অনুভূত হতে পারে।

উত্তরবঙ্গে পরিস্থিতি আরও উদ্বেগজনক হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে কমলা সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুরে রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা।

শুক্রবারও উত্তরবঙ্গে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধস ও নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা।

তবে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে। যদিও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। আবহাওয়া দপ্তরের পরামর্শ, আগামী কয়েকদিন অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন এবং স্থানীয় প্রশাসনের সতর্কবার্তার উপর নজর রাখুন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন