পশ্চিমবঙ্গের জলপথ পরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও যাত্রীবান্ধব করে তুলতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। শুক্রবার কলকাতার মেটিয়াব্রুজ ফেরিঘাট থেকে একসঙ্গে ১০টি আধুনিক গ্যাংওয়ে-কাম-পন্টুন জেটি-র উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং। একইসঙ্গে ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের আরও নয়টি নতুন জেটিরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, বিশ্বব্যাঙ্কের আর্থিক সহায়তায় West Bengal Inland Water Transport, Logistics and Spatial Development Project-এর অধীনে এই জেটিগুলি নির্মিত হয়েছে। এর ফলে নদীপথে যাত্রী পরিবহণ আরও নিরাপদ, দ্রুত এবং আধুনিক হবে বলে আশা প্রশাসনের।
যে ১০টি জেটির উদ্বোধন হয়েছে, তার মধ্যে রয়েছে মেটিয়াব্রুজ (কলকাতা), চন্দননগর (হুগলি), জুটমিল ঘাট (হালিশহর), পুজালি বালি, বরানগর, বাবাজি ঘাট (উত্তর ব্যারাকপুর), কানাইদেওয়ান ঘাট (বৈদ্যবাটি) এবং কুকড়াহাটি (হলদিয়া)-সহ রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ নদীপথ সংলগ্ন ঘাট।
অনুষ্ঠানে পরিবহণমন্ত্রী অর্জুন সিং জানান, ভবিষ্যতে মেটিয়াব্রুজ-হাওড়া স্টিমার পরিষেবা পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে। এই পরিষেবা চালু হলে কলকাতা ও হাওড়ার মধ্যে নদীপথে যোগাযোগ আরও সহজ হবে। একইসঙ্গে সড়কপথের যানজটও অনেকটাই কমবে বলে তাঁর আশা।
সরকারের দাবি, নতুন জেটিগুলি শুধু যাত্রী পরিষেবার মানই বাড়াবে না, রাজ্যের জলপথভিত্তিক পরিবহণ ব্যবস্থার সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ভবিষ্যতে আরও আধুনিক অবকাঠামো গড়ে তুলে জলপথকে পরিবহণের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।



