শীত আরও ফিকে বাংলায়, কুয়াশার দাপট অব্যাহত—উত্তরবঙ্গে বৃষ্টি ও হালকা তুষারপাতের ইঙ্গিত

শীতের দাপট কমছে বাংলায়, দক্ষিণবঙ্গে কুয়াশা আর উত্তরবঙ্গে বৃষ্টি ও হালকা তুষারপাতের সম্ভাবনা—আগামী সাত দিনের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শীত কি তবে বিদায় নিচ্ছে? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী সাত দিনে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। রাত ও দিনের পারদ স্বাভাবিকের উপরে থাকলেও সকালের দিকে কুয়াশা বাড়তি ভোগান্তি তৈরি করতে পারে। অন্য দিকে, উত্তরবঙ্গে কুয়াশার পাশাপাশি ফের বৃষ্টি ও হালকা তুষারপাতের সম্ভাবনা তৈরি হওয়ায় নজর রাখছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে এবং রোদ উঠলেই শীতের আমেজ অনেকটাই কমে যাবে। আগামী কয়েকদিন এই একই ছবি বজায় থাকবে।

অন্য দিকে, উত্তরবঙ্গে কুয়াশার দাপট আরও জোরালো। আগামী চার দিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার-সহ প্রায় সব জেলাতেই কম-বেশি কুয়াশা থাকবে বলে পূর্বাভাস। বিশেষ করে সকালের দিকে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে উত্তরবঙ্গে। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে পশ্চিমী ঝঞ্ঝা অতিক্রম করার সময় দার্জিলিং-এ হালকা বৃষ্টি ও তুষারপাত হতে পারে। পাশাপাশি কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আবহবিদরা।

তাপমাত্রার দিক থেকে দেখা যাচ্ছে, দিন ও রাতের পারদ স্বাভাবিকের উপরে অবস্থান করছে। সকাল ও সন্ধ্যায় হালকা শীতের অনুভূতি থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও। আগামী পাঁচ থেকে সাত দিন তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ওঠানামা করবে।

কলকাতা-য় আজ সর্বনিম্ন তাপমাত্রা উঠেছে ১৬ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। আকাশ থাকবে পরিষ্কার এবং আগামী সাত দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত