মঙ্গলবারও স্বস্তি নেই বৃষ্টির হাত থেকে। আজকের আবহাওয়া অনুযায়ী কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে। বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপ এবং বাংলার উপর দিয়ে বিস্তৃত মৌসুমি অক্ষরেখার জেরেই এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
সোমবার রাত থেকেই কলকাতার আকাশে ঘন মেঘের আনাগোনা ছিল। মঙ্গলবার সকালেও একই ছবি। শহরের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সারাদিন আকাশ মূলত মেঘলা থাকবে এবং মাঝেমধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রার দিক থেকেও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় মঙ্গলবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত শহরে মোট ৬.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর।
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে দমকা বা ঝোড়ো হাওয়াও বইতে পারে বিভিন্ন জেলায়।
যদিও স্বস্তির খবরও দিয়েছে আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে। দুর্যোগের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির তীব্রতাও কমবে বলে অনুমান।
এদিকে উপকূলবর্তী এলাকায় এখনও সতর্কতা জারি রয়েছে। কাকদ্বীপ, গঙ্গাসাগর-সহ দক্ষিণবঙ্গের উপকূল অঞ্চলে সমুদ্র উত্তাল থাকায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে বাসিন্দা ও পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। একই সঙ্গে মাছ ধরার নৌকাগুলিকেও সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গে এখনও দুর্যোগের আশঙ্কা কাটেনি। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার, কালিম্পং, মালদা এবং দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বুধবার জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার ও শুক্রবার আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। সপ্তাহান্তে, অর্থাৎ শনিবার ও রবিবারও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড় এবং ডুয়ার্স এলাকায় ভূমিধস, জল জমা এবং নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কায় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।
সামগ্রিকভাবে মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকলেও পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যেতে পারে। তবে উত্তরবঙ্গে আগামী কয়েক দিন ভারী বৃষ্টির দাপট অব্যাহত থাকার ইঙ্গিত স্পষ্ট। তাই বিশেষ করে পাহাড়, ডুয়ার্স ও উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের আবহাওয়া দপ্তরের সর্বশেষ সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।



