কলকাতায় দিনভর বৃষ্টির পূর্বাভাস, বঙ্গোপসাগরে নিম্নচাপের ইঙ্গিত! সপ্তাহান্তে বাড়তে পারে দুর্যোগ

বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ তৈরির সম্ভাবনার মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। উপকূলবর্তী জেলাগুলিতে বাড়তে পারে ভারী বর্ষণের আশঙ্কা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নিম্নচাপের জেরে ফের বদলাতে চলেছে পশ্চিমবঙ্গের (West Bengal Weather Today) আবহাওয়া। বুধবার থেকেই কলকাতা (Kolkata Weather) সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (India Meteorological Department – IMD)। একই সঙ্গে বঙ্গোপসাগরে (Bay of Bengal) একটি শক্তিশালী নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথাও জানানো হয়েছে, যার প্রভাবে সপ্তাহান্তে আরও বাড়তে পারে বৃষ্টির দাপট।

বুধবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। রোদের তেজ কম থাকলেও দিনের বিভিন্ন সময়ে দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর শহরের জন্য হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করেছে। ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৩ ডিগ্রি কম। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি বেশি।

দক্ষিণবঙ্গে (South Bengal Weather) সপ্তাহজুড়েই বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। বুধবার ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়াবিদদের পূর্বাভাস, ৪ থেকে ৮ জুলাইয়ের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। সেটি শক্তি সঞ্চয় করে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের দিকে এগোলে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

উপকূলবর্তী জেলাগুলির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় মৎস্যজীবীদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

অন্যদিকে উত্তরবঙ্গেও (North Bengal Weather) বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা (Orange Alert) জারি হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনায় রয়েছে হলুদ সতর্কতা।

তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে। বিপরীতে দক্ষিণবঙ্গেই নিম্নচাপের প্রভাবে বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন