শীত প্রায় বিদায় নিয়েছে দক্ষিণবঙ্গ থেকে। সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে শুরু করায় সকাল-সন্ধ্যার ঠান্ডা অনেকটাই কমেছে। এর মধ্যেই নতুন করে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। রবিবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প ঢোকার ফলে রাজ্যের আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সকালবেলায় কিছু জেলায় হালকা কুয়াশা দেখা গেলেও দিনের দিকে আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকছে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সপ্তাহান্ত থেকেই পরিস্থিতি বদলাতে পারে। রবিবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতেও পারে।


আবহাওয়া দফতরের মতে, শনিবার থেকেই আকাশ আংশিক মেঘলা হতে পারে। ধীরে ধীরে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে। সোমবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গ—দুই জায়গাতেই বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে পূর্বাভাস।
এদিকে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে। তাপমাত্রার ওঠানামার কারণে সকালের দিকে কুয়াশা তৈরির সম্ভাবনা থাকছে। রবিবার থেকে মেঘের পরিমাণও বাড়তে পারে। পাশাপাশি উত্তরবঙ্গে প্রবেশ করছে পশ্চিমী ঝঞ্ঝা, যার প্রভাবেই ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
কলকাতায় শুক্রবার সকালেও কয়েকটি এলাকায় কুয়াশার দেখা মিলেছে। তবে পরে আকাশ পরিষ্কার হয়েছে। শহরে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস। ফলে শীতের অনুভূতি প্রায় উধাও হয়ে গিয়েছে। এখন শহরে উষ্ণতার আমেজ স্পষ্ট।


শনিবার পর্যন্ত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। তবে সোমবার বা মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিনে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
শুক্রবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪০ থেকে ৯৪ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ২৩ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।







