আবহাওয়ার বড় সতর্কতা: উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে গরম-অস্বস্তি আরও ভয়ংকর

উত্তরবঙ্গে বুধবার থেকে বাড়বে ভারী বৃষ্টির দাপট, দার্জিলিং-সহ পাঁচ জেলায় সতর্কতা। দক্ষিণবঙ্গে তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

এ সপ্তাহে বাংলার আবহাওয়ায় স্পষ্ট দুই রূপ। একদিকে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস, অন্যদিকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ও অস্বস্তি আরও বাড়ার আশঙ্কা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব বিহারের ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমি বায়ুর জেরে উত্তরবঙ্গে দুর্যোগ বাড়বে, আর দক্ষিণবঙ্গ ভুগবে চরম গরমে।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতিমধ্যেই আন্দামান ও নিকোবরের কিছু অংশে পৌঁছে গিয়েছে। আগামী দু’ থেকে তিন দিনের মধ্যে আন্দামান সাগরের আরও বিস্তীর্ণ এলাকায় সক্রিয় হবে মৌসুমি বায়ু। একই সঙ্গে দক্ষিণ-পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরেও তার অগ্রগতি বাড়বে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার ও মঙ্গলবার পর্যন্ত বেশিরভাগ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত নতুন করে ভারী বৃষ্টির স্পেল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির আশঙ্কা বেশি। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত দুর্যোগ পরিস্থিতি বজায় থাকতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

অন্যদিকে দক্ষিণবঙ্গে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে। কলকাতায় এ সপ্তাহে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। পশ্চিমের জেলাগুলিতে পারদ ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছনোর আশঙ্কা রয়েছে।

পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি, নদিয়া ও উত্তর ২৪ পরগনায় আগামী দু’দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেই বৃষ্টি গরম কমাতে খুব একটা কার্যকর হবে না বলেই জানাচ্ছেন আবহবিদরা।

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত আগামী সাত দিনে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে গরম ও অস্বস্তি থেকে দ্রুত স্বস্তি মিলবে না। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপট বজায় থাকায় পাহাড় ও ডুয়ার্স অঞ্চলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত