দীর্ঘদিনের অস্বস্তিকর গরমের পর অবশেষে স্বস্তির ইঙ্গিত। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা-সহ অন্তত ৮ জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। সপ্তাহের শেষের দিকে দুর্যোগ আরও বাড়তে পারে বলেই পূর্বাভাস।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আগামী তিনদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। তবে এরপর ধীরে ধীরে পারদ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। ফলে গরমের তীব্রতা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।


মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
বুধবার বড় কোনও সতর্কতা না থাকলেও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিস্থিতি আবার বদলাতে শুরু করবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। একাধিক জেলায় জারি থাকবে হলুদ সতর্কতা।


সবচেয়ে বেশি নজর শনিবারের দিকে। ওইদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বেশ কয়েকটি এলাকায় প্রবল বৃষ্টি এবং দমকা হাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।
রবিবারও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গেও আগামী এক সপ্তাহ আবহাওয়া অস্থির থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে একাধিক দিনে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
শুক্রবার কোচবিহার এবং শনিবার দার্জিলিং ও কোচবিহারেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, প্রাক-বর্ষার সক্রিয় পরিস্থিতির জেরেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।
সব মিলিয়ে আগামী সাতদিন রাজ্যের অধিকাংশ জেলাতেই ঝড়বৃষ্টি, বজ্রপাত এবং দমকা হাওয়ার সম্ভাবনা থাকায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার এবং প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



